বাঁকখালীতে জাহাজ ভাসানো উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘোড়া, ময়ূরপঙ্খী, জাদিপাহাড়, ইগল, দোয়েল, চিল, নাগ দেবতা ও মন্দিরের আদলে তৈরি আটটি জাহাজ। বাঁশ-বেত, কাপড় ও রঙিন কাগজ দিয়ে এসব জাহাজ তৈরি করা হয়েছে। দৃষ্টিনন্দন এই জাহাজগুলো আটটি নৌকায় রেখে ভাসানো হয় কক্সবাজারের রামুর বাঁকখালী নদীতে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী জাহাজ ভাসানো উৎসবে শামিল হতে বাঁকখালীর দুই তীরে সমবেত হন বিভিন্ন সম্প্রদায়ের হাজারো মানুষ। উৎসবের উদ্বোধন করেন কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার। বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমা উপলক্ষে এই উৎসবের আয়োজন করা হয়।
গতকাল বেলা দুইটা থেকে রামুর হাইটুপি, দ্বীপ শ্রীকুল, হাজারীকুল, রাখাইনপাড়া, দক্ষিণ শ্রীকুল রাখাইনপাড়া, পূর্ব রাজারকুল বড়ুয়াপাড়া, জাদীপাড়া, পূর্ব মেরংলোয়া বড়ুয়াপাড়া থেকে আটটি জাহাজ আনা হয় নদীর তীরে। জাহাজ ভাসানোর সময় বাদ্যের তালে তালে শিশু-কিশোর-যুবকেরা নেচে-গেয়ে আনন্দে মেতে ওঠেন। ‘শুকনো ডালে ফুল ফুটিল, স্বর্গ থেকে মর্ত্যে এল, কে কে যাবি আয় রে, বুদ্ধের মতো এমন দয়াল আর নাই রে’—এ রকম নানা ধরনের বৌদ্ধকীর্তন ছিল উপস্থিত নারী-পুরুষের মুখে মুখে।
বিকেল সোয়া চারটায় জাহাজগুলো নদীতে ভাসানোর আগে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সাংসদ মো. আয়েন উদ্দিন, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, রামু থানার ওসি আবদুল মজিদ প্রমুখ।
রামুর কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ সত্যপ্রিয় মহাথের জানান, প্রায় ২০০ বছর আগে মিয়ানমারের মুরহনঘা নামক নদীতে সংঘরাজ ম্রাজংব্রান প্রথম জাহাজ ভাসানো উৎসবের আয়োজন করেন। সেখান থেকে বাংলাদেশে উৎসবের প্রচলন। রামুতে এই উৎসব হচ্ছে শত বছর ধরে।
বৌদ্ধভিক্ষুরা জানান, আড়াই হাজার বছর আগে খারাপ দেবতার প্রভাবে বৈশালী রাজ্যে অনাবৃষ্টি, খরা ও দুর্ভিক্ষে মানুষ ও জীবজন্তু মারা যাচ্ছিল। তখন বৈশালীর রাজার আমন্ত্রণে শিষ্যদের নিয়ে ওই রাজ্যে যান গৌতম বুদ্ধ। তিনি ‘রত্ন সূত্র’ পাঠ করে খারাপ দেবতার প্রভাব থেকে বৈশালীকে রক্ষা করেন। ফিরতি পথে ৫০০টি নৌকায় শিষ্যসহ বুদ্ধকে নদী পার করে দেন সর্প দেবতারা। সেই দিনটিকে স্মরণ করতেই বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ বিভিন্ন স্থানে জাহাজ ভাসানো উৎসব উদ্যাপন করে আসছেন।
রামু জাহাজ ভাসানো উৎসব উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক অর্পণ বড়ুয়া বলেন, কক্সবাজার ছাড়াও বান্দরবানসহ আশপাশের বিভিন্ন জেলার অন্তত ১০ হাজার মানুষের উৎসবে যোগ দেয়। এই উৎসব হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির মিলনমেলা।