বাঁকগুলোতে সড়ক বিভাজক হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা-আরিচা মহাসড়কে ২২টির মতো বিপজ্জনক বাঁক রয়েছে। এসব বাঁকের কারণে দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনীরের মতো কৃতী সন্তানদের হারাতে হয়েছে। দুর্ঘটনা রোধে এসব বাঁকে সড়ক বিভাজক (ডিভাইডার) নির্মাণ করা হবে।গতকাল বুধবার ঢাকা-আরিচা মহাসড়ক পরিদর্শনকালে মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় তারেক মাসুদ ও মিশুক মুনীরের নিহত হওয়ার দুর্ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ঢাকা-আরিচা মহাসড়ক ‘মরণফাঁদ’, এই কলঙ্ক মুছে ফেলতে জরুরি ভিত্তিতে কয়েকটি পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। বাঁকগুলোতে ডিভাইডার দেওয়ার পাশাপাশি বাঁক এলাকা প্রশস্ত করা হবে।যোগাযোগমন্ত্রী বলেন, দুর্নীতি যেমন রাতারাতি নির্মূল করা সম্ভব নয়, তেমনি সড়কগুলোও রাতারাতি সংস্কার করা সম্ভব নয়। নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যেই জরুরি ভিত্তিতে সড়ক সংস্কারের পদক্ষেপ নেওয়া হচ্ছে। খানাখন্দ, উঁচু-নিচু ও যানবাহন চলাচলে অনুপযোগী সড়কগুলো আগামী তিন মাসের মধ্যে সংস্কার করা হবে। ওবায়দুল কাদের ঢাকা-আরিচা মহাসড়কের অতিরিক্ত পণ্য পরিবহন রোধে ঢাকার ধামরাই উপজেলার বাথুলীতে অকেজো অবস্থায় পড়ে থাকা ওজন পরিমাপক যন্ত্রটি আগামী ১৫ দিনের মধ্যে চালু করার নির্দেশ দেন।