বাঁকে বাঁকে মৃত্যুফাঁদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জায়গাটার নাম কাঁঠালবাড়িয়ার মোড়। কিন্তু মানুষের মুখে মুখে হয়ে গেছে ‘আজরাইলের মোড়’। এই মোড়ে প্রায় ২০০ মিটার রাস্তায় রয়েছে চারটি ঝুঁকিপূর্ণ বাঁক। প্রতিবছর রাজশাহী-নাটোর মহাসড়কের এই মোড়ে সড়ক দুর্ঘটনায় বহু প্রাণহানির ঘটনা ঘটে। এই সড়কের ২০ কিলোমিটারে এ ধরনের ৫৪টি বাঁক রয়েছে।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, রাজশাহীর প্রবেশমুখ পুঠিয়া উপজেলার অন্তর্ভুক্ত রাজশাহী-নাটোর মহাসড়কে যেকোনো এলাকার চেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটে। এমন কোনো মাস নেই, যে মাসে এ সড়কে কয়েকটি সড়ক দুর্ঘটনা না ঘটে। গত এক বছরে পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় ওই উপজেলার চেয়ারম্যান, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) উপমহাব্যবস্থাপক, জাতীয় পার্টির একজন কেন্দ্রীয় নেতাসহ বহু প্রাণহানির ঘটনা ঘটেছে। দুর্ঘটনার শিকার হয়ে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র।সরেজমিনে দেখা গেছে, নাটোরের তকিয়ার ঢালান এলাকা থেকে রাজশাহী মহানগর এলাকা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এই সড়কে ৫৪টি বাঁক রয়েছে। ভয়ংকর বাঁকটি শুরু হয়েছে পুঠিয়ার শুরুতেই তকিয়ার ঢালান এলাকায়। এই বাঁকটি এতই বিপজ্জনক যে অন্যদিক থেকে গাড়ি এলেও সেটা বোঝার উপায় নেই।৯ ফেব্রুয়ারি বগুড়া থেকে আসার পথে এই বাঁকে সড়ক দুর্ঘটনায় বগুড়া পুলিশের ছয় সদস্য নিহত ও ১৬ জন আহত হন। তকিয়ার ঢালান থেকে পুঠিয়া উপজেলা সদর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তায় রয়েছে ১৮টি বাঁক। এর মধ্যে আরও একটি ভয়ংকর বাঁক হচ্ছে কাঁঠালবাড়িয়া বা আজরাইলের মোড়। আজিজুল হক কোল্ড স্টোরেজের দুই পাশে প্রায় ২০০ মিটার এলাকায় রয়েছে চারটি বাঁক। মোড়ের এমন নাম কেন, জানতে চাইলে স্থানীয় গৃহবধূ আলাপি (৩৫) বলেন, ‘মোড়ের নাম আসলে কাঁঠালবাড়িয়া। একসেডেন হইয়া হইয়া রোজ মানুষ মইরি যায়। সেই জন্য লোকে নাম দিছে আজরাইলের মোড়।’২০০৮ সালের ২৮ সেপ্টেম্বর সকালে এই মোড়ে এক সড়ক দুর্ঘটনায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আবদুল হান্নান ও তাঁর মেয়ে-নাতিসহ ঘটনাস্থলেই চারজন প্রাণ হারান। একই দিন বিকেল পাঁচটায় এই মোড়ে অপর এক সড়ক দুর্ঘটনায় রাজশাহীগামী পদ্মা পরিবহনের চালক মাসুদ নিহত ও ৫০ জন আহত হন। এই মোড়ের পূর্ব পাশেই রয়েছে ঝলমলিয়া বাজার। এই বাজারের দুই পাশে রয়েছে আরও দুটি বাঁক। এখানেও দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।পুঠিয়া সদর থেকে পশ্চিমে রাজশাহী মহানগরের সীমানা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার মহাসড়কে রয়েছে ঝুঁকিপূর্ণ ৩৬টি বাঁক। এর মধ্যে শিবপুর কোল্ড স্টোরেজের সামনে, বিড়ালদহ মাজারের দুই পাশে, বানেশ্বর বাজারের দুই পাশে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বাঁকগুলো রয়েছে। এসব বাঁকে সারা বছর দুর্ঘটনা লেগেই থাকে। ২০০৭ সালের ১৩ আগস্ট শিবপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান গুরুতর আহত হন।পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হামিদ বলেন, অপরিকল্পিতভাবে সড়ক নির্মাণের কারণেই এ এলাকায় দুর্ঘটনা বেশি ঘটছে। রাজশাহী থেকে সদ্য বদলি হওয়া সড়ক ও জনপথ বিভাগের সদর দপ্তরে কর্মরত তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিকরুল হক বলেন, ‘আমরা বাঁকগুলোতে প্রতিবন্ধকতা সিগন্যাল দিয়েছি। কিন্তু চালকেরা এগুলো খেয়াল না করায় দুর্ঘটনা ঘটছে।’