বাঁচতে চান লিমা
আট মাসের শিশুসন্তানের প্রিয় খাবার মা লিপা আক্তারের (২২) রান্না করা খিঁচুড়ি। সন্তানের জন্য সেই খিঁচুড়ি রাঁধতে গিয়েই গুরুতর দগ্ধ হয়েছেন গৃহবধূ লিপা। এখন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন তিনি।
এদিকে মাকে কাছে না পেয়ে অবুঝ শিশুটি কেঁদেই চলেছে। হাসপাতালের বিছানায় শুয়ে মা-ও বারবার সন্তানের খোঁজ করছেন। চিকিৎসক উন্নত চিকিৎসার পরামর্শ দিলেও লিপার দরিদ্র বাবা ও স্বামীর পক্ষে প্রয়োজনীয় টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। কিন্তু দগ্ধ লিপা বারবার সন্তানের জন্য বাঁচার আকুতি জানিয়ে যাচ্ছেন।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার কাঁকনহাটি মহল্লার গিয়াস উদ্দিনের মেয়ে লিপা। আট মাসের সন্তান আমির হামজাকে নিয়ে বাবার বাড়িতেই থাকতেন তিনি। গত বৃহস্পতিবার ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, হাসপাতালের বিছানায় উপুড় হয়ে শুয়ে আছেন লিপা। কোনোমতে বললেন, বাচ্চার খাবার রাঁধতে গিয়ে গত ২৯ নভেম্বর অসাবধানতায় পরনের কাপড়ে আগুন ধরে যায়। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেন।
লিপা আক্তার নিজের অসহায়ত্বের কথা বর্ণনা করে বলেন, তাঁর বাবা গিয়াস উদ্দিন মসজিদের মুয়াজ্জিন ও স্বামী শাহজাহান মিয়া একজন দিনমজুর। তিনি আরও বলেন, ‘হেরার পক্ষে (বাবা ও স্বামী) আমার চিকিৎসা করান সম্ভব অইতো না। আমার ছেরাডার লাইগ্যা আমি বাঁচতাম চাই। আমারে আফনেরা বাঁচাইন।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা লক্ষ্মী নারায়ণ মজুমদার বলেন, ওই গৃহবধূর শরীরের প্রায় ৫০ ভাগ দগ্ধ হয়েছে। এখানে এ ধরনের গুরুতর অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসা দেওয়া সম্ভব না। আর উন্নত চিকিৎসা না হলে তাঁকে বাঁচানো যাবে না।
লক্ষ্মী নারায়ণ আরও বলেন, টাকার ব্যবস্থা করতে না পারায় গৃহবধূর পরিবার মেয়েটিকে অন্য হাসপাতালে নিতে পারছেন না। সঠিক চিকিৎসার অভাবে লিপির দগ্ধ স্থানগুলোতে এরই মধ্যে সংক্রমণ দেখা দিয়েছে।