বাঁচতে পারল না জান্নাতুন
পাঁচতলা ভবনের নিচতলায় আগুন ধরে যায়। আতঙ্কিত বাসিন্দারা ছুটে যান ভবনের ছাদে। পাঁচতলা ফ্ল্যাটের গৃহপরিচারিকা জান্নাতুন নাহারও (১৩) বাসার অন্যদের সঙ্গে ছাদে যায়। জীবন বাঁচাতে তড়িঘড়ি করে ছাদের পাশের পয়োনিষ্কাশন পাইপ বেয়ে নিচে নেমে যাওয়ার চেষ্টা করে সে। হঠাৎ পিছলে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম নগরের সুগন্ধা আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের সি ব্লকের একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটে। দুর্ঘটনায় আর কেউ হতাহত হয়নি। ভবনের পাঁচতলার ফ্ল্যাটের ভাড়াটে জসিম উদ্দিনের বাসায় গৃহপরিচারিকার কাজ করত সে। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নে জান্নাতুনের বাড়ি।
নগরের একুশে হাসপাতালে গুরুতর আহত অবস্থায় নেওয়া হয়েছিল জান্নাতুনকে। হাসপাতালের চিকিৎসক রেদোয়ান হোসেন প্রথম আলোকে বলেন, মস্তিষ্কের রক্তক্ষরণে জান্নাতুনের মৃত্যু হয়েছে। যে ফ্ল্যাটে জান্নাতুন কাজ করত, সে ফ্ল্যাটের গৃহকর্তা জসিম উদ্দিন বলেন, গত জুলাই মাস থেকে সে তাঁদের বাসায় কাজ করত।
পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার প্রথম আলোকে বলেন, ভবনের নিচতলার সিঁড়িঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। ধোঁয়া ছড়িয়ে পড়লে অন্যদের মতো জান্নাতুনও ছাদে ছুটে যায়। পাইপ বেয়ে নামার সময় নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়ে তার মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যাওয়ার আগেই আশপাশের লোকজন পানি ও বালু ছিটিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
গতকাল দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আগুনে ভবনের নিচতলায় সিঁড়ির পাশে থাকা বৈদ্যুতিক মিটারগুলো পুড়ে গেছে। নিচতলায় ভবনের দেয়াল ধোঁয়ায় কালো হয়ে আছে।