বাঁচবে সময়, কমবে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশ থেকে প্রতিদিন গড়ে ১০০ যাত্রীবাহী ও মালবাহী ট্রেন গাজীপুরের টঙ্গী রেলস্টেশন হয়ে ঢাকায় যাতায়াত করে। প্রতিটি ট্রেনের জন্য টঙ্গীর রেলক্রসিং বন্ধ থাকে অন্তত চার মিনিট। সেই হিসাবে প্রতিদিন ৪০০ মিনিট বা ছয় ঘণ্টা ৪০ মিনিট রেলক্রসিংটি বন্ধ থাকে। গত রোববার দুপুরে প্রথম আলোকে এ তথ্য জানান টঙ্গী রেলস্টেশনের মাস্টার হালিমুজ্জামান।প্রতিবার রেলক্রসিং বন্ধ থাকার সময় দুই পাশে যাত্রীবাহী বাসসহ যানবাহন আটকে থাকে। ব্যস্ত সময়ে কখনো কখনো সৃষ্টি হয় যানজটেরও। কারণ ঢাকা ও টঙ্গী থেকে ওই রেলক্রসিং অতিক্রম করে কালীগঞ্জ-ঘোড়াশাল-পাঁচদোনা-ভেলানগর-ইটানগর-মরজাল-বারৈচা-ভৈরবে যাতায়াত করে যানগুলো। তবে ওই পথে যাতায়াতকারীদের আর টঙ্গী রেলক্রসিং এবং রেলক্রসিং বন্ধ থাকায় সৃষ্ট জটে আটকে থাকতে হবে না। ওই রেলক্রসিংয়ের ওপর নির্মিত ‘শহীদ আহসানউল্লাহ মাস্টার উড়ালসেতু’ দিয়ে যানগুলো চলে যাবে। ফলে বাঁচবে সময় এবং কমবে যাত্রীদের ভোগান্তি। সম্প্রতি এ উড়ালসেতুর নির্মাণকাজ শেষ হয়েছে।সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৩ মে এই উড়ালসেতু উদ্বোধনের ব্যাপারে সম্মতি দিয়েছেন। উদ্বোধনের পরপরই উড়ালসেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এর ফলে ঢাকা ও উত্তরবঙ্গের যানগুলো অল্প সময়ে টঙ্গী হয়ে নরসিংদী, ভৈরব ও সিলেট যেতে পারবে। এড়াতে পারবে কাঁচপুর সেতুর যানজট।নকশা সংশোধন, নির্মাণকাজ বিলম্বিত: সওজ সূত্র জানায়, ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আখতার ডার্ড জেভি ২০০৬ সালের ১৬ মার্চ টঙ্গী-ঘোড়াশাল, পাঁচদোনা সড়কের প্রথম কিলোমিটারে দুই লেনবিশিষ্ট উড়ালসেতুর নির্মাণকাজ শুরু করে। সেতুর মূল দৈর্ঘ্য ৪২ দশমিক ৬৮ মিটার এবং দুই পাশে সংযোগ সড়ক ৪৫০ মিটার। এ জন্য ব্যয় ধরা হয়েছিল ১৮ কোটি ১১ লাখ ৩২ হাজার ৩৫৯ টাকা। ২০০৮ সালের ১৫ মার্চ নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। তবে নকশায় সেতুর নিচ দিয়ে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের কোনো ব্যবস্থা না থাকায় এলাকাবাসী নকশা পরিবর্তনের দাবিতে আন্দোলন শুরু করে। ফলে সাত-আট মাস পর নির্মাণকাজ বন্ধ হয়ে যায়।পরে সংশোধিত নকশা অনুযায়ী ২০০৭ সালের জুন মাসে আবার কাজ শুরু হয়। এতে সেতুর মূল দৈর্ঘ্য ৩৫০ মিটার এবং সংযোগ সড়কের দৈর্ঘ্য দাঁড়ায় ২০০ মিটার। ব্যয় বেড়ে দাঁড়ায় ২০ কোটি ৮০ লাখ ৬৬ হাজার টাকা। সময় বেঁধে দেওয়া হয় চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত।গত বছরের ডিসেম্বরের শেষের দিকে উড়ালসেতু ও এর নিচে বৈদ্যুতিক বাতি, সেতুর নিচে রাস্তার পাশে নর্দমা ও ফুটপাত, সেতুর আশপাশে সৌন্দর্যবর্ধক তৈরির বিষয়টি প্রকল্পের সঙ্গে যুক্ত হয়। এগুলোর জন্য ব্যয়, রেলওয়েকে ক্ষতিপূরণ দেওয়াসহ উড়ালসেতু প্রকল্পের মোট ব্যয় দাঁড়ায় ২৩ কোটি ৭৮ লাখ টাকা। গত জানুয়ারি মাসে উড়ালসেতুটির নামকরণ করা হয় গাজীপুর-২ আসনের সাবেক সাংসদ ও শ্রমিকনেতা আহসানউল্লাহ মাস্টারের নামে।উড়ালসেতুতে যা আছে: দুই লেনবিশিষ্ট এ উড়ালসেতুর প্রতি লেনে যান চলাচলের জন্য জায়গা আছে সাত দশমিক পাঁচ মিটার করে। উড়ালসেতুতে ফুটপাত আছে দশমিক ছয় মিটার করে। সেতুর স্প্যানের সংখ্যা ১৪টি। উড়ালসেতুতে ওঠার আগে যানবাহন থামানোর জন্য রয়েছে পৃথক জায়গা। উড়ালসেতুর নিচ দিয়েও রয়েছে যাতায়াতের ব্যবস্থা। নির্মাণকাজ শেষ হতে বিলম্ব হওয়া প্রসঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আখতারের জ্যেষ্ঠ প্রকৌশলী ও উড়ালসেতু নির্মাণ প্রকল্পের উপব্যবস্থাপক সৈয়দ সেকান্দার আলী বলেন, নকশা পরিবর্তনসহ বিভিন্ন কারণে এক বছর পাঁচ মাসের বেশি সময় নষ্ট হয়েছে। এ কারণে প্রকল্প বাস্তবায়নে দেরি হয়েছে। সওজের টঙ্গী সড়ক উপবিভাগের সহকারী প্রকৌশলী কাজী নজরুল ইসলাম বলেন, ২০০৯ সালের মাঝামাঝি সময়ে আমরা জরিপ করে দেখেছি ট্রেনের যাতায়াতের জন্য প্রতিদিন ১১ থেকে ১২ ঘণ্টা টঙ্গী রেলক্রসিং বন্ধ থাকে। উড়ালসেতুটি চালু হলে যানবাহনগুলোকে দীর্ঘ সময় আটকে থাকতে হবে না। তাঁর মতে, প্রতিটি ট্রেনের জন্য রেলক্রসিংটি আট থেকে ১২ এমনকি কখনো কখনো ১৫ মিনিটও বন্ধ রাখা হয়।সওজের গাজীপুরের নির্বাহী প্রকৌশলী ফকির আবদুর রব প্রথম আলোকে বলেন, ‘২৩ মে সেতুটি উদ্বোধনের ব্যাপারে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। তিনি সদয় সম্মতি দিয়েছেন।’ এ বিষয়ে গাজীপুর-২ আসনের সাংসদ মো. জাহিদ আহসান রাসেলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘উড়ালসেতুটি উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৩ মে টঙ্গী আসবেন বলে জানতে পেরেছি। তবে নিশ্চিত নই।’