বাঁচলেন না মাসুমাও

শাহবাগে বাসে পেট্রলবোমা হামলায় দগ্ধ ব্যাংক কর্মকর্তা মাসুমা আক্তারও (২৫) মারা গেলেন। গতকাল বুধবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।
গত ২৮ নভেম্বর সন্ধ্যায় শিশুপার্কের উল্টো দিকে বিহঙ্গ পরিবহনের একটি বাসে পেট্রলবোমা হামলা হলে ১৯ জন দগ্ধ হন। এ নিয়ে ওই ঘটনায় দগ্ধ চারজন মারা গেলেন। তাঁদের মধ্যে একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অন্যরা এখনো সুস্থ নন।
নিহত মাসুমার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মাসুমা আক্তার গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর শেষে রূপালী ব্যাংকে জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি রাজধানীর সদরঘাট শ্যামবাজার শাখায় কর্মরত ছিলেন।
চলতি বছরের ১৩ জুন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মাহাবুব আলমের সঙ্গে তাঁর বিয়ে হয়। ফার্মগেট এলাকায় ভাড়া বাসায় এই দম্পতি সংসার শুরু করেছিলেন মাত্র। ২৮ নভেম্বর অফিস শেষে বাসে করে বাসায় ফেরার পথে হামলার শিকার হন মাসুমা। তাঁর শরীরের ১৭ শতাংশ পুড়ে গিয়েছিল, ক্ষতিগ্রস্ত হয়েছিল শ্বাসনালি।
ঘটনার পরই মাসুমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়। সেখানে তিন দিন চিকিৎসা নেওয়ার পর পরিবারের লোকজন তাঁকে এলিফ্যান্ট রোডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। সেখানে ১১ দিন থাকার পর গতকাল বেলা সাড়ে ১১টায় মারা যান তিনি।
মাসুমার পরিবারের সদস্যরা শাহবাগ থানায় বিনা ময়নাতদন্তে লাশ গ্রহণের আবেদন করলে বিশেষ বিবেচনায় পুলিশ লাশ নিয়ে যাওয়ার অনুমতি দেয়।
এরপর কাকরাইলের আঞ্জুমান মুফিদুল ইসলামে লাশের গোসল-কাফন শেষে দিলকুশায় রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর সহকর্মীরা জানাজায় অংশ নেন। এরপর লাশ নিয়ে যাওয়া হয় নরসিংদীর ভেলানগরের গ্রামের বাড়িতে।
সন্ধ্যা সোয়া ছয়টার দিকে মাসুমার লাশবাহী অ্যাম্বুলেন্স নরসিংদী সদরের হোসেনপুর গ্রামে পৌঁছায়। লাশ আসার পর কান্নার রোল পড়ে যায়। রাত সাড়ে সাতটায় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে লাশ দাফন করা হয়।
মাসুমার ভগ্নিপতি ফরিদ আহমেদ প্রথম আলোকে বলেন, প্রতিবছর ২৫ ডিসেম্বর হোসেনপুরের শ্বশুরবাড়িতে তাঁর স্ত্রীসহ সব বোনেরা আসতেন। উৎসব হতো। এ বছর মাসুমার বিয়ের পর এই মিলনমেলাকে কেন্দ্র করে সবচেয়ে বেশি উৎসাহী ছিলেন মাসুমা। এখন সবাই মিলিত হলো মাসুমাকে শেষ বিদায় জানাতে।
মাসুমার স্বামী মাহবুব আলম বলেন, ‘বিয়ের পর থেকে ২৫ ডিসেম্বর নিয়ে তাঁর পরিকল্পনার শেষ ছিল না। কিন্তু ২৫ ডিসেম্বরের আগেই হোসেনপুরে আমাদের সবার আসতে হলো।’ বলতে বলতে চোখ মুছতে থাকেন মাহাবুব।
ছোট ভাই রায়হান ইবনে আলম প্রথম আলোকে বলেন, ‘আমার বোনের মৃত্যুর জন্য একমাত্র দায়ী এই দেশের নোংরা রাজনীতি। তারা একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি করবে আর এর খেসারত দিতে হবে আমাদের মতো সাধারণ মানুষকে। যে মাসে এই দেশ স্বাধীনতার মুখ দেখেছিল আর ওই মাসেই আমার বোনকে রাজনৈতিক সহিংসতায় আগুনে পুড়ে মরতে হলো। আমার বোনকে যারা পুড়িয়ে মেরেছে, আমি তাদের কঠোর শাস্তি দাবি করছি।’
পরিবারের লোকজন জানিয়েছেন, নয় বোন ও এক ভাইয়ের মধ্যে মাসুমা নবম। ছয় বছর বয়সে বাবা সামসুল আলম ভূঁইয়া মারা যান। মা জমিলা খাতুন সব ভাইবোনকে লালনপালন করেন। সবার ছোট হওয়ায় মাসুমা ছিলেন সবার আদরের। তাঁকেই যেতে হলো সবার আগে।
এ নিয়ে গত ২৬ অক্টোবর থেকে ১৪ জন আগুন ও বোমা হামলায় মারা গেলেন। এসব ঘটনায় দগ্ধ আর আহত হয়েছেন দুই শতাধিক মানুষ।