
আর মাস তিনেক পরই শিশুটির থাকার কথা ছিল মায়ের কোলে। মায়ের গন্ধ মেখে তাঁর বাহুতে তুলতুলে ছোট্ট শরীর নিয়ে নিশ্চিন্তে ঘুমানোর কথা। অথচ পৃথিবীর আলো দেখারই সুযোগ পেল না সে। মানুষের অমার্জনীয় আচরণের কারণে মায়ের গর্ভেই শেষ হয়ে যেতে হলো শিশুটিকে। মা-বাবা অপেক্ষায় অনাগত সন্তানকে দেখার জন্য। তাঁদের সে স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল এক অদক্ষ চালকের কারণে।
আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশপথে একটি অ্যাম্বুলেন্সের চাপায় গর্ভের ছয় মাসের সন্তানকে হারিয়েছেন জাকির হোসেন ও আমেনা বেগম দম্পতি। হাসপাতালের প্রবেশপথে পুলিশ বক্সের সামনে ওই অ্যাম্বুলেন্সের চাপায় শিশুসহ আরও তিনজন নিহত হয়েছে। এতে আহত হয় জাকির হোসেনের ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আমেনা বেগম সুয্যি (৩০) ও তাঁদের আট বছর বয়সী ছেলে সজীব।
জাকির হোসেন একজন ট্রাকচালক। গত ২৫ আগস্ট চট্টগ্রামে তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিজে অসুস্থ। এর মধ্যে স্ত্রী ও সন্তানের আহত হওয়া, অনাগত সন্তান হারানোর ঘটনায় দিশেহারা বোধ করছেন জাকির হোসেন।
জাকির হোসেন বলেন, আমেনা বেগম ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। হাসপাতালে স্ত্রীই তাঁকে দেখাশোনা করছিলেন। ছেলে ছোট হওয়ায় সে–ও হাসপাতালে বাবা-মায়ের সঙ্গে থাকছে। আজ সকালে স্ত্রী ছেলে সজীবকে নিয়ে তাঁর জন্য নাশতা কিনে আনতে হাসপাতালের প্রবেশপথে গিয়েছিলেন। সে সময় তাঁরা অ্যাম্বুলেন্সের নিচে চাপা পড়েন।
হাসপাতাল সূত্রে জানা যায়, আহত অবস্থায় আমেনা বেগমকে অস্ত্রোপচারকক্ষে নেওয়া হয়। সে সময় তাঁর শারীরিক অবস্থা ভালো ছিল না।
হাসপাতালের পুলিশ ফাঁড়ির ক্যাম্প পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, অন্তঃসত্ত্বা নারীর গর্ভের সন্তানটি মারা গেছে বলে কর্তব্যরত চিকিৎসক সূত্রে জানা গেছে।
অ্যাম্বুলেন্সের চাপায় নিহত হয়েছেন গোলিনুর বেগম (২৫) ও তাঁর ছেলে সাকিব (৭)। নিহত আরেক ব্যক্তির পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৬০ বছর।
দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সের চালক সোহেলকে আটক করে শাহবাগ থানায় নেওয়া হয়েছে। অ্যাম্বুলেন্সটিও জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: