বাঁচাও-বাঁচাও চিৎকার দিয়ে ডুবে গেল সে
হাত উঁচিয়ে বাঁচাও বাঁচাও বললেও বন্ধুরা তাকে বাঁচাতে পারেনি। দ্রুত সে গভীর পানিতে তলিয়ে যায়। প্রায় পাঁচ ঘণ্টা পর ডুবুরিরা এসে তার লাশ উদ্ধার করে।
চোখের সামনে স্কুলছাত্র জয় চাকের (১৫) এমন মৃত্যুতে বন্ধুরা হতবিহ্বল। জয় চাক বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।
ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক ইকবাল হোসেন বলেন, শুক্রবার বেলা একটার দিকে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র জয় চাক কয়েকজন বন্ধুসহ সাঙ্গু নদের বান্দরবান শহরের বালাঘাটা ভরাখালিঘাটে গোসল করতে যায়। সাঁতার কাটার সময় জয় চাক নদের গভীরে চলে যায়, একপর্যায়ে ডুবে যায়। বিকেলে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে তার লাশ উদ্ধার করে।
জয় চাকের বন্ধু স্বপন তঞ্চঙ্গ্যা বলেছে বিভিন্ন স্কুলের তাঁরা নয়জন বন্ধু গোসল করতে যায়। সাঁতার কাটতে কাটতে সে (স্বপন) ও জয় একটু গভীরে চলে যায়। এ সময় হঠাৎ জয় চাক ডুবে যেতে থাকে ও এক হাত উঁচিয়ে বাঁচাও-বাঁচাও বলে চিৎকার করতে থাকে। তারা তাকে উদ্ধার করতে গেলে সে দ্রুত তলিয়ে যায়।