বাঁচানো গেল না অপচিকিৎসার শিকার শিশুটিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে একজন কবিরাজের অপচিকিৎসার শিকার এক শিশু মারা গেছে। ঘটনার এক সপ্তাহ পর গত শুক্রবার সন্ধ্যায় যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

পরিবার জানায়, মনিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা গ্রামের আবদুল আলিমের ছেলে আজিম (৭) ১৬ অক্টোবর সকালে অজ্ঞান হয়ে পড়ে। তাকে কেশবপুর শহরের ‘জিয়া ফার্মেসি’তে আনা হয়। এর মালিক জিয়াউর রহমান তাকে ঝাড়ফুঁক করার পাশাপাশি একটি ইনজেকশন দেন। এতে অবস্থার আরও অবনতি হয়। রাতে শিশুটিকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য পরদিন দুপুরে তাকে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর থেকে এখানেই তার চিকিৎসা চলছিল।

এ হাসপাতালের তত্ত্বাবধায়ক শ্যামল কুমার সাহা বলেন, শিশুটি অপচিকিৎসার শিকার হয়েছে। সঠিক সময়ে হাসপাতালে না আনায় তাকে বাঁচানো যায়নি। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে শিশুটির মৃত্যু হয়।

মনিরামপুরের দূর্বাডাঙ্গা গ্রামে পারিবারিক কবরস্থানে গতকাল শনিবার সকালে লাশ দাফন করা হয়।