বাঁচানো গেল না ঘড়িয়ালটিকে
ফরিদপুরে পদ্মা নদীতে ছেড়ে দেওয়া বিপন্ন প্রজাতির ঘড়িয়ালটি মারা গেছে। গত শনিবার রাত নয়টার দিকে সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের ভাজনডাঙ্গা ঘাট এলাকায় এটি মৃত অবস্থায় পাওয়া যায়।
গত শুক্রবার বিকেলে চরভদ্রাসনে পদ্মায় জেলেদের জালে ঘড়িয়ালটি ধরা পড়ে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বন বিভাগের মাধ্যমে এটি জেলা সদরের ডিক্রিরচর ইউনিয়নের ধলার মোড় এলাকায় পদ্মা নদীতে ছেড়ে দেওয়া হয়। ঘড়িয়ালটির দৈর্ঘ্য প্রায় পাঁচ ফুট এবং ওজন ১৫ কেজি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর বন বিভাগের কর্মকর্তা নির্মল কুমার দত্ত বলেন, শনিবার দুপুরে ফরিদপুর সদরের শহরতলির ধলার মোড় এলাকায় পদ্মা নদীতে ঘড়িয়ালটি ছেড়ে দেওয়া হয়। বিকেল চারটার দিকে ফের এটি জালে আটকা পড়ে। বিকেল সাড়ে চারটার দিকে সেটি ভাজনডাঙ্গা ঘাট এলাকায় আবার ছেড়ে দেওয়া হয়।
বন বিভাগের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, ঘড়িয়াল বিরল প্রজাতির মিঠা পানির সরীসৃপ। ২০১১ সালের ফেব্রুয়ারিতে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) পরিচালিত জরিপ অনুযায়ী সমগ্র পৃথিবীতে মিঠা পানির এ-জাতীয় ঘড়িয়াল রয়েছে ২০০টির মতো। এটি একটি বিপন্ন প্রাণী।