বাঁচানো গেল না মেয়েটিকে
টানাটানির সংসারে একটু সচ্ছলতার আশায় ১১ বছরের মেয়ে হাসিনাকে মোহাম্মদপুরের এক বাড়িতে কাজে দিয়েছিলেন সালমা বেগম। চার মাস পার হলেও মেয়ের কোনো খোঁজ পাননি। হঠাৎ একদিন গৃহকর্তা শরীফুল ইসলাম ফোন করে জানালেন, টাইফয়েড আর ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মেয়ে হাসপাতালে। ময়মনসিংহ থেকে দ্রুত ঢাকায় এসে মেয়েকে পেয়েছেন, তবে তার শরীরে ক্ষত ভরা, সংজ্ঞাহীন।
ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকালে মারা গেছে মেয়েটি। মেয়ের সঙ্গে শেষ কথাও বলা হলো না সালমা বেগমের। এ ঘটনায় তিনি বাদী হয়ে গৃহকর্তা শরিফুল ও তাঁর স্ত্রী ফারজানা লিজাকে আসামি করে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র বলেছে, মুখমণ্ডলসহ শরীরে অসংখ্য জখম ও সংজ্ঞাহীন অবস্থায় ১৯ মে গভীর রাতে মেয়েটিকে নিয়ে হাসপাতালে আসেন শরীফুল। হাসপাতালে কর্তব্যরত পুলিশকে শরীফুল তখন জানান, মেয়েটিকে রাস্তায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে এসেছেন। এরপর পুলিশ শরীফুলকে টিকিট কেটে মেয়েটিকে ভর্তি করাতে বললে তিনি মেয়েটিকে ফেলে পালিয়ে যান। পরে পুলিশ হাসপাতালের ২০৬ নম্বর ওয়ার্ডে তাকে ভর্তি করে। এরপর আর কেউ মেয়েটির খোঁজ নেয়নি। ২২ মে হাসপাতালে এসে মেয়েকে শনাক্ত করেন মা সালমা বেগম। হাসপাতালে ভর্তির সময় মেয়েটির মুখমণ্ডলে রক্ত ছিল। মুখ, মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের দাগ রয়েছে।
গতকাল সন্ধ্যায় যখন সালমা বেগমের সঙ্গে কথা হয় তখন তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে মেয়ের লাশ পেতে অপেক্ষা করছিলেন। সঙ্গে ছিলেন তাঁর স্বামী আবদুস সোবহানসহ অন্যান্য আত্মীয়। সালমা বেগম বলেন, মোহাম্মদপুরের শেরশাহ সুরি সড়কে মুরগি ব্যবসায়ী শরীফুল ইসলামের বাসায় তিনি আগে কাজ করতেন। শরীফুল ও তাঁর স্ত্রীর অনুরোধে ওই বাসায় কাজের জন্য মেয়ে হাসিনাকে গ্রামের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া থেকে এনে দেন তিনি। এরপর নিজে গ্রামে ফিরে যান। শরীফুল-লিজা দম্পতির তিন সন্তান। কথা ছিল, হাসিনা টুকটাক কাজ করবে, বাড়ির শিশুদের সঙ্গে খেলবে আর প্রতি মাসে এক হাজার টাকা করে বেতন পাবে। কিন্তু গত চার মাসে তাঁরা গৃহকর্তার সঙ্গে যোগাযোগই করতে পারেননি। কথা হয়নি মেয়ের সঙ্গে। এরপর ২২ মে শরীফুল ফোন করে জানান, হাসিনা হাসপাতালে ভর্তি, টাইফয়েড আর ম্যালেরিয়া হয়েছে। ছুটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে দেখেন, হাসিনার মুখে অসংখ্য ক্ষতের দাগ। আশপাশে কেউ নেই। শরীফুল কখনো চিকিৎসার খোঁজও নেননি। তিনি মেয়ের পাশেই ছিলেন। ধার-দেনা করে খাবার খরচ জোগাড় করেছেন। হাসপাতাল পুলিশের সদস্যরা কিছু টাকা দিয়ে সাহায্য করেছেন। কিন্তু শেষ পর্যন্ত মেয়েকে বাঁচাতে পারেননি, মেয়ের সঙ্গে শেষ কথাটিও হয়নি তাঁর।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র বলেন, সালমা বেগমের তথ্য অনুযায়ী গত বৃহস্পতিবার রাতেই মোহাম্মদপুরের শেরশাহ সুরি সড়কে শরীফুলের ফ্ল্যাটে অভিযান চালায় পুলিশ। তবে এর আগেই শরীফুল-লিজা দম্পতি সেখান থেকে পালিয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।