বাঁচানো গেল না শজারুটিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদ্ধারের পর শজারু l ফাইল ছবি
উদ্ধারের পর শজারু l ফাইল ছবি

পাহাড় থেকে লোকালয়ে খাবারের সন্ধানে এসে মানুষের নির্মমতার শিকার শজারুটিকে বাঁচানো যায়নি। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রাণীটি মারা যায়।

গত বৃহস্পতিবার চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড় থেকে উপজেলার ছলিমপুর ইউনিয়নের জঙ্গলছলিমপুর বড়ইতলা এলাকায় চলে আসে শজারুটি। এ সময় কয়েকজন যুবক দড়ি দিয়ে বেঁধে প্রাণীটিকে পিটিয়ে আহত করেন। তুলে নেওয়া হয় শরীরের বেশির ভাগ কাঁটা। পরে বিক্রি করার জন্য চট্টগ্রাম নগরে নিয়ে যাওয়ার পথে এক সাংবাদিক শজারুটিকে উদ্ধার করে চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠানোর ব্যবস্থা করেন।

চট্টগ্রাম চিড়িয়াখানার চিকিৎসক শাহদাত হোসেন বলেন, মুমূর্ষু অবস্থায় শজারুটিকে চিড়িয়াখানায় আনা হয়। প্রাণীটির গায়ের বেশির ভাগ কাঁটা তুলে ফেলা হয়। শরীরের বিভিন্ন অংশে চোট ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শজারুটির মৃত্যু হয়।