বাঁচানো গেল না শিশুটিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নবজাতককে মৃত বলে ঘোষণা। কবরস্থানে দাফনের প্রস্তুতি। এরপর হঠাৎ কেঁদে ওঠা। ফরিদপুর থেকে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় এনে হাসপাতালে ভর্তিও করা হয়েছিল। তারপরও বাঁচানো গেল না নবজাতক গালিবা হায়াতকে। জন্মের চার দিনের মাথায় গতকাল রোববার রাতে শিশুটি মারা গেছে।
শিশুটিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছিল। হাসপাতালের নবজাতক বিভাগের সিনিয়র কনসালট্যান্ট আফতাব ইউসুফ রাজ গতকাল রাতে প্রথম আলোকে বলেন, রাত ১১টা ৪৭ মিনিটে শিশুটি মারা গেছে। তিনি বলেন, একটি অপরিণত নবজাতক কোনো অক্সিজেন সাপোর্ট ছাড়া ফরিদপুরে ছয় ঘণ্টা পড়ে ছিল। পরে চার দিন বেঁচেও ছিল।
চিকিৎসকেরা বলেছেন, রাত ১১টার পর শিশুটির অবস্থা দ্রুত খারাপ হতে থাকে। একপর্যায়ে তার হৃদযন্ত্র অচল হয়ে পড়ে। তবে তখনো তার মস্তিষ্ক সচল ছিল। এ সময় মরণাপন্ন যে কাউকে বাঁচাতে যে ইনজেকশন প্রয়োগ করা হয়, সেটি ব্যবহার করেন চিকিৎসকেরা।
শিশুটির বাবা নাজমুল হুদা পেশায় ক্রিকেটার। মা নাজনীন আক্তার গৃহিণী। ফরিদপুর শহরের কমলাপুর এলাকায় তাঁদের বাড়ি। গালিবা হায়াত এই দম্পতির প্রথম সন্তানছিল। নাজমুল হুদা বলেন, ‘আর কী কব। সব শেষ হইয়া গেল। আমার স্বপ্ন ধ্বংস হইয়া গেল।’
শিশুটিকে বাঁচাতে সবাই এগিয়ে আসায় কৃতজ্ঞ দাদা আবুল কালাম মিয়া। বলেন, ‘অনেক চেষ্টা কইরাও ওরে বাঁচাইতে পারলাম না। অনেকেই সাহায্য করেছিল। ভাবলাম বাঁচাইতে পারব। এ রকম ভাগ্য নিয়া আর যেন কেউ না আসে।’
এর আগে গতকাল সন্ধ্যার দিকে হাসপাতালের ক্লিনিক্যাল ডিরেক্টর মো. সানোয়ার হোসেন বলেছিলেন, ‘নবজাতককে বাঁচিয়ে রাখতে আমরা সব রকম চেষ্টা করছি। তার অবস্থা সংকটজনক। আসলে একটি নবজাতকের সুস্থতা নির্ভর করে সে কতটা সময় মাতৃগর্ভে থাকল এবং কত ওজন নিয়ে জন্মাল তার ওপর। অপরিণত অবস্থায় গালিবা হায়াতের জন্ম হয়েছে।’
চিকিৎসকেরা বলেন, একটি শিশু মাতৃগর্ভে কমপক্ষে ৩৮ সপ্তাহ থাকলে এবং তার ওজন কমপক্ষে আড়াই কেজি হলে তাকে পরিণত শিশু বলা হয়। অপরিণত শিশুর রোগ প্রতিরোধক্ষমতা কম হয়। তাই তাদের মৃত্যুঝুঁকিও বেশি। গালিবা হায়াত মাতৃগর্ভে ছিল ২৩ সপ্তাহ আর তার ওজন সাড়ে চার শ গ্রাম।
চিকিৎসককে উদ্ধৃত করে শিশুটির চাচা শামীমুল হক তালুকদার গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেছিলেন, শিশুটি বড় ধরনের সংক্রমণে আক্রান্ত হয়েছে। রক্ত পরীক্ষার জন্য শিশুটির শরীর থেকে যে ছিদ্র করে রক্ত নেওয়া হয়েছে, সেই জায়গা থেকে রক্তপাত বন্ধ করা যাচ্ছে না। পাশাপাশি শিশুটিকে রক্তও দেওয়া হচ্ছে।
বুধবার দিবাগত রাত ১২টার দিকে ফরিদপুর ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে এই নবজাতকের জন্ম হয়। কিন্তু চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন। ছয় ঘণ্টা পর ভোর ছয়টার দিকে শহরের আলীপুর কবরস্থানে দাফনের সময় কেঁদে ওঠে শিশুটি।
জীবিত শিশুকে মৃত ঘোষণা করায় ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে দুটি কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কে এম কামারুজ্জামান গতকাল প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে রিজিয়া আলমসহ দুই চিকিৎসক, নার্স, শিশুর দাদা ও দাদি এবং কবর খোঁড়ার দায়িত্বে নিয়োজিত ব্যক্তি ও কবরস্থানের মাওলানার সাক্ষ্য নেওয়া হয়েছে।
ফরিদপুরের সিভিল সার্জনের কার্যালয়ের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটিও গতকাল কাজ শুরু করেছে।
নবজাতকটিকে দ্রুত ঢাকায় পাঠানোর পরামর্শ ছিল চিকিৎসকদের। কিন্তু তার পরিবারের সেই সামর্থ্য ছিল না। প্রথম আলো অনলাইনে ‘সেই নবজাতককে বাঁচাতে ঢাকায় আনা জরুরি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে ‘আমরা নেটওয়ার্কস’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের হেড অব মার্কেটিং সোলায়মান সুখনের হাঙ্গেরিপ্রবাসী ব্যবসায়ী বন্ধু প্রতিবেদনটি দেখে তাঁর সঙ্গে যোগাযোগ করেন। পরে সুখন হাঙ্গেরিপ্রবাসী এই ব্যবসায়ীসহ দুই বন্ধুর সহায়তায় শিশুটিকে গত শনিবার হেলিকপ্টারে ঢাকায় আনেন। আর গতকাল রাতে শিশুটির মৃত্যু হয়।
শিশুটির স্বজনেরা জানিয়েছেন, আজ সোমবাব সকালে লাশ ফরিদপুরে নেওয়া হবে। তাকে শহরের আলীপুর কবরস্থানে দাফন করা হবে।