বাঁচানো গেল না হাতিটিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কয়ড়া গ্রামের মাঠে  নিথর পড়ে আছে হাতিটি l প্রথম আলো
কয়ড়া গ্রামের মাঠে নিথর পড়ে আছে হাতিটি l প্রথম আলো

বাঁচানো গেল না ভারতের আসাম থেকে বন্যার পানিতে ভেসে আসা বন্য হাতি ‘বঙ্গ বাহাদুর’কে। জামালপুরের সরিষাবাড়ীর কয়ড়া গ্রামে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে হাতিটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। কয়ড়া গ্রামেই হয়েছে তার শেষ ঠিকানা।

ঢাকার বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক বলেছেন, উদ্ধারকারী দলের আপ্রাণ চেষ্টা এবং এলাকাবাসীর ভালোবাসাও হাতিটিকে বাঁচাতে পারল না।

তবে এলাকাবাসীর অভিযোগ, উদ্ধারকারী দলের সদস্যদের অবহেলার কারণে হাতিটির মৃত্যু হয়েছে। গতকাল সকালে এ অভিযোগ এনে এলাকাবাসী বিক্ষোভ মিছিলও করেন।

এদিকে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে হাতির রক্ষণাবেক্ষণে নিয়োজিত কর্মী আবু তাহের (৪০) গত সোমবার রাতে বুনো হাতিটির লাথিতে গুরুতর আহত হয়েছেন। ময়মনসিংহের বিভাগীয় বন কর্মকর্তা গোবিন্দ রায় বলেন, ‘বঙ্গ বাহাদুর’-এর পায়ের শিকল খুলতে গিয়ে লাথিতে আহত তাহেরের অবস্থা আশঙ্কাজনক। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মমতাজ উদ্দিন বলেন, তাহেরকে প্রথমে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্ক সূত্র বলেছে, তাহেরের অবস্থার অবনতি হওয়ায় সোমবার রাতেই তাঁকে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়।

সংশ্লিষ্ট সূত্র বলেছে, সরিষাবাড়ীর কামরাবাদ ইউনিয়নের কয়ড়া গ্রামে আসা হাতিটিকে প্রথম দফায় উদ্ধারের পর গত শনিবার সে শিকল ছিঁড়ে পালানোর চেষ্টা করে। রোববার সকালে দ্বিতীয় দফায় প্রাণীটিকে চেতনানাশক দেওয়া হয়। কিন্তু ওষুধের মাত্রা কম হওয়ায় তার অচেতন হতে বিলম্ব হচ্ছিল। পরে আরও তিনবার চেতনানাশক প্রয়োগ করা হয়। এরপর হাতিটি ঝিমিয়ে পড়লে তার চার পায়ে শিকল পরিয়ে কয়ড়া গ্রামের খোলা মাঠে কাদাপানিতে বেঁধে রাখা হয়। প্রায় ১৯ ঘণ্টা পর গতকাল মৃত্যুর কোলে ঢলে পড়ে হাতিটি।

হাতিটির মরদেহের ময়নাতদন্ত করতে কক্সবাজারের ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মোস্তাফিজুর রহমানকে প্রধান করে গতকাল দুপুরে তিন সদস্যের একটি দল গঠন করা হয়।
এ দলের অপর সদস্যরা হলেন সরিষাবাড়ী উপজেলা প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন বিদ্যুৎ কুমার সাহা ও গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন নিজাম উদ্দিন চৌধুরী। ময়নাতদন্ত শেষে হাতিটির মরদেহ কয়ড়া গ্রামের হাজি বরকতুল্লাহর জমিতে পুঁতে ফেলা হয়।

ভেটেরিনারি সার্জন মোস্তাফিজুর রহমান বলেন, গত সোমবার তাপমাত্রা বেশি থাকায় বুনো হাতিটি অসুস্থ হয়ে কাদাপানিতে পড়ে যায়। সন্ধ্যা পর্যন্ত তার শরীরে ইনজেকশনের মাধ্যমে ১২টি স্যালাইন দেওয়া হয়। এটিকে সুস্থ করে তুলতে সব ধরনের চিকিৎসা ও সেবা দেওয়া হয়েছিল।

হাতিটি ভারতের আসাম থেকে গত ২৮ জুন বন্যার পানিতে ভেসে কুড়িগ্রামের রৌমারী দিয়ে বাংলাদেশে ঢোকে। পরে সিরাজগঞ্জ থেকে সরিষাবাড়ীতে আসে ২৭ জুলাই। হাতিটি এ দেশে প্রায় এক হাজার কিলোমিটার পথ পাড়ি দেয়। গত ১৯ দিন সে সরিষাবাড়ীতেই ছিল। ৩ জুলাই ভারতের বন্য প্রাণী বিশেষজ্ঞের তিন সদস্যের প্রতিনিধিদল হাতিটি উদ্ধারে বাংলাদেশে আসে। ৪ জুলাই তাঁরা বাংলাদেশের বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন। কিন্তু উদ্ধারে ব্যর্থ হয়ে ৭ জুলাই তাঁরা সরিষাবাড়ী ত্যাগ করেন। ট্রাঙ্কুলাইজারের মাধ্যমে চেতনানাশক প্রয়োগ করে ১১ আগস্ট হাতিটিকে অচেতন করার পর এলাকাবাসীর সহায়তায় ডাঙায় তোলে উদ্ধারকারী দল।