বাঁচানো গেল না আরও দুজনকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা অবরোধ চলাকালে পিকেটারদের ছোড়া পেট্রলবোমার আঘাতে দগ্ধ দুই ব্যক্তি গতকাল মঙ্গলবার রাতে মারা গেছেন। তাঁরা হলেন গাজীপুরের ট্রাকচালক নজরুল ইসলাম (৩৫) ও নওগাঁর ট্রাকচালকের সহকারী মাজেদুল ইসলাম (৩০)।

আমাদের ঢাকার নিজস্ব প্রতিবেদক ও গাজীপুর প্রতিনিধির পাঠানো প্রতিবেদন:

গাজীপুরের ট্রাকচালক: ২৩ ডিসেম্বর সোমবার রাতে কালিয়াকৈর উপজেলার আনসার একাডেমির পশ্চিম পাশে ঢাকা-টাঙ্গাইল সড়কে চালভর্তি চলন্ত ট্রাকে পেট্রলবোমা ছুড়ে মারে অবরোধ-সমর্থকেরা। এতে ট্রাকচালক নজরুল ইসলাম ও তাঁর সহকারী মো. নূরুজ্জামান দগ্ধ হন। ঘটনাস্থল থেকে তাঁদের আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে স্থানীয় লোকজন। সেখানে চিকিত্সাধীন অবস্থায় গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মারা গেছেন নজরুল।

প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মোজাম্মেল হক।

পেট্রলবোমা হামলার ঘটনায় গতকাল কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এসআই) মো. সেলিম রেজা বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করে মামলা করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে গতকাল ময়মনসিংহের ফুলপুর থানার বাসাটি এলাকার মো. সাদ্দাম হোসেন (১৯), গাজীপুরের টঙ্গী এলাকার মো. রানা (২০) ও টঙ্গীর মরকুন এলাকার মো. হাসান মিয়াকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নওগাঁর ট্রাকচালকের সহকারী: ২১ ডিসেম্বর রাত ১০টার দিকে পিকেটারদের ছোড়া পেট্রলবোমার আঘাতে দগ্ধ হন নওগাঁর ট্রাকচালকের সহকারী মাজেদুল ইসলাম (৩০)। তিনি ট্রাকে করে নওগাঁ থেকে কুমিল্লা যাচ্ছিলেন। ট্রাকটি সিরাজগঞ্জ জেলায় বাইনগাতি এলাকায় পৌঁছলে পিকেটাররা পেট্রলবোমা ছুড়ে মারে। এতে মাজেদুল ইসলামের শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়।

গতকাল রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

দুজনেরই মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করে বার্ন ইউনিটের আবাসিক চিকিত্সক পার্থ শঙ্কর পাল প্রথম আলো ডটকমকে বলেন, মাজেদুল ইসলাম ও নজরুল ইসলামের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই রয়েছে। তাঁদের পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।