বাঁচানো গেল না আহত সালমাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের সমর্থকদের নিষ্ঠুরতার শিকার হয়ে হাসপাতালের শয্যায় প্রায় এক মাস লড়েও বাঁচতে পারল না তিন মাসের শিশু সালমা আক্তার। হরতালের সমর্থকদের হামলায় প্রথমে নষ্ট হয় তার চোখ। এরপর গেল জীবনটাও। পুলিশ ও ওই শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, কুমিল্লার লাকসাম উপজেলার চিকুনিয়া গ্রামের মো. ওয়াসিমের একমাত্র সন্তান সালমা। মাস খানেক আগে নিউমোনিয়ায় আক্রান্ত হলে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। এরই মধ্যে গত ২৮ মার্চ ছিল ১৮ দলের হরতাল। হরতাল শেষ হওয়ার ঘণ্টা দুয়েক আগে কুমিল্লার ওই হাসপাতালের উদ্দেশে সালমাকে বুকে জড়িয়ে বেরিয়ে পড়েন মা। সিএনজিচালিত একটি অটোরিকশায় করে রওনা দেন তিনি। সঙ্গে ছিলেন সালমার দাদি ও চাচা। কিন্তু উপজেলার পরানপুর বাজারে হরতাল-সমর্থকদের হামলার শিকার হন তাঁরা। হামলায় গুরুতর আহত হয় অসুস্থ শিশু সালমা। তার মুখমণ্ডল জখম ও একটি চোখ নষ্ট হয়ে যায়। আহত হন স্বজনেরা। স্থানীয় লোকজনের সহায়তায় শিশুটিকে প্রথমে কুমিল্লার একটি হাসপাতাল ও পরে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীতে চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চোখটি নষ্ট হয়ে যাওয়ায় চিকিৎসকেরা তা অস্ত্রোপচার করে অপসারণ করেন। পরে সেখান থেকে তাকে শিশু হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকেরা অনেক চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারেননি। গত সোমবার সালমা মারা যায়।এদিকে অভাবের সংসারে সুখ আনতে ধারদেনা করে শিশুর বাবা ওয়াসিম পাঁচ মাস আগে প্রবাসে পাড়ি জমান। সেখান থেকেই জানেন একমাত্র সন্তানের জন্মের খবর। এখন জানলেন তার মৃত্যুর খবরও। সালমা আহত হওয়ার ঘটনায় ৩০ মার্চ তার দাদা ইমান আলী বাদী হয়ে কৈত্রা গ্রামের রিপন মিয়া (২০), নেয়ামতউল্লাহ (২০), ফরহাদ (১৯), শরীফ হোসেন (১৮), জাহাঙ্গীর আলম (২৫), মিজানুর রহমান (৩৮) এবং পাঁচপাড়া গ্রামের আবু ইউসুফের (২৮) বিরুদ্ধে লাকসাম থানায় একটি মামলা করেছেন। আসামিরা স্থানীয় যুবদলের কর্মী বলে অভিযোগ রয়েছে। তবে উপজেলা যুবদলের সভাপতি মো. তাজুল ইসলাম বলেন, ঘটনায় যুবদল কর্মীদের সম্পৃক্ততা নেই।লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, ময়নাতদন্ত শেষে মঙ্গলবার শিশুটির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলায় জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যরা পলাতক। মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে।