হ র তা ল অ ব রো ধে না শ ক তা: সাতক্ষীরায় ট্রাকে পেট্রলবোমা, চালক দগ্ধ
বাঁচানো গেল না মিতুলকে

আগুনে পুড়ে মৃত্যুর মিছিলে যোগ হলো আরও একটি নাম। পেট্রলবোমায় দগ্ধ লেগুনাচালক মো. মিতুল (২২) গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। নির্বাচনের পরের দিন সোমবার রাতে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় তাঁর শরীরের ৮০ শতাংশ ঝলসে যায়।
এদিকে সাতক্ষীরায় পেট্রলবোমা হামলায় দগ্ধ হয়েছেন ট্রাকচালক অজিবর রহমান (৩৮)। তাঁর মুখমণ্ডলসহ হাত ও পিঠ ঝলসে গেছে। তিনি ভারত থেকে আমদানি করা পেঁয়াজ নিয়ে ভোমরা বন্দর থেকে ঢাকায় যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটে।
মিতুলের ছোট ভাই মো. নাহিদ (১৪) জানায়, সে ও তার বড় ভাই মিলে ভাড়ায় লেগুনা চালাত। মিতুলের সহকারী হিসেবে কাজ করত সে। ঘটনার দিন রাতে চট্টগ্রাম নগরের অক্সিজেন মোড় থেকে যাত্রী নিয়ে ষোলশহর দুই নম্বর গেটে যাচ্ছিল তারা। রাত সাড়ে নয়টার দিকে যাত্রী ওঠানোর জন্য পলিটেকনিক মোড়ে লেগুনা থামানো হয়। কেউ কিছু বুঝে ওঠার আগেই লেগুনার সামনে একটি বোতল ছুড়ে মারে দুর্বৃত্তরা। মুহূর্তেই মিতুলের শরীরে আগুন ধরে যায়। গুরুতর অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র্রে (আইসিইউ) ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের বিভাগীয় প্রধান মৃণাল কান্তি দাশ জানান, শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল মিতুলের। শ্বাসনালিও পুড়ে যাওয়ায় তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
বাবা, মা, স্ত্রী, আড়াই বছরের শিশুপুত্র ও চার ভাইবোনকে নিয়ে শেরশাহ বাংলাবাজার সিরাজ কলোনিতে ছিল মিতুলের বসবাস। অভাবের তাড়নায় আর ভাগ্য পরিবর্তনের আশায় মাত্র এক বছর আগে তাঁরা ভোলা থেকে চট্টগ্রামে আসেন। উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে এখন সংসার খরচ কীভাবে চলবে, তা নিয়ে চিন্তিত হতদরিদ্র পরিবারটি। মিতুলের বাবা মো. হান্নান বলেন, পরিবারের বড় সন্তানকে হারিয়ে তাঁরা বিপর্যস্ত।
সাতক্ষীরায় দগ্ধ ট্রাকচালক অজিবর রহমানের গ্রামের বাড়ি জেলার শ্যামনগর উপজেলার জাহাজঘাটায়। তাঁর ভাই শেখ রেজাউল করিম জানান, গত ২৬ নভেম্বর থেকে ১৮-দলীয় জোটের অবরোধ-হরতাল কর্মসূচিতে বাড়িতে বেকার বসে ছিলেন অজিবর। অবরোধ প্রত্যাহারের ঘোষণা শুনে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ভারত থেকে আমদানি করা পেঁয়াজ নিয়ে ভোমরা বন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। ট্রাকটি বন্দর এলাকা পেরোনোর আগেই লস্কর পার্কিং ইয়ার্ডের সামনে পেট্রলবোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এতে অজিবরের মুখমণ্ডল, ডান হাত ও পিঠের কিছু অংশ পুড়ে যায়। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই ট্রাকটির অর্ধেক পুড়ে যায়। অজিবরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়।
সদর হাসপাতালের চিকিৎসক হাসানুর জামান জানান, অজিবরের মুখমণ্ডলসহ শরীরের ১০ ভাগ পুড়ে গেছে। তা ছাড়া মাথায়ও জখম লেগেছে। ফলে তাঁকে আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না।
এদিকে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ শিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।