বাঁচানো গেল না 'রাজলক্ষ্মী'কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্ঘটনায় আহত হাতি ‘রাজলক্ষ্মী’কে বাঁচানো গেল না। সব চেষ্টা ব্যর্থ করে গতকাল শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটে হাতিটি মারা গেছে। এক সপ্তাহ ধরে প্রাণিসম্পদ বিভাগ এবং বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হাতিটির চিকিৎসা করে আসছিল।

হাতির মালিক ও প্রাণিসম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, হাতিটি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কানাইদাসি গ্রামের সিরাজুল ইসলামের। সার্কাস ও বিয়েতে ব্যবহারের জন্য নরসিংদীর কাজল খান নামের এক ব্যক্তি হাতিটি ভাড়া নিয়েছিলেন। মালিকের কাছে পৌঁছে দেওয়ার জন্য গত শুক্রবার রাতে নরসিংদী থেকে হাতিটি ট্রাকে করে শ্রীমঙ্গলে নিয়ে আসা হয়। শ্রীমঙ্গলে ট্রাক থেকে নামানোর সময় ছিটকে পড়ে হাতিটি আহত হয়। চিকিৎসকেরা ধারণা করেছিলেন, হাতিটির কোমর বা মেরুদণ্ডের হাড় স্থানচ্যুত হয়েছে। শ্রীমঙ্গলের দক্ষিণ ভাড়াউড়া এলাকায় যেখানে হাতিটিকে নামানো হয়েছিল, সেখানেই চিকিৎসা চলছিল। মাদি হাতিটির বয়স ৩৪ বছর। ওজন প্রায় তিন হাজার কেজি। মালিকের দেওয়া নাম ‘রাজলক্ষ্মী’। ২০১১ সালে বন বিভাগ থেকে হাতিটির নিবন্ধন করা হয়।

হাতির মালিক সিরাজুল ইসলাম গতকাল বলেন, ‘যারা হাতিটি ভাড়া নিয়েছিল, তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। আমি শ্রীমঙ্গল থানায় একটি অভিযোগ করেছি। একজন প্রত্যক্ষদর্শী রিকশাচালক বলেছেন, হাতিটিকে তারা ট্রাক থেকে ফেলে দিয়েছিল। এখন বুঝতে পারছি না হাতিটি পড়ে আহত হয়েছিল, নাকি আগেই অসুস্থ ছিল। আমি তাদের (যারা ভাড়া নিয়েছিল) বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।’

শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন মো. আরিফুল ইসলাম বলেন, অনুমান করা হচ্ছে, হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হাতিটি মারা গেছে। হাতিটির ময়নাতদন্ত করা হবে। ভিসেরা প্রাণিসম্পদ বিভাগের কেন্দ্রীয় রোগতত্ত্ব গবেষণাগারে পাঠানো হবে। প্রতিবেদন পেলে বোঝা যাবে কী কারণে হাতিটি মারা গেছে।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গলের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. তবিবুর রহমান গতকাল বলেন, হাতিটির চিকিৎসা ও আহত হওয়ার কারণ জানার জন্য তিন সদস্যের একটি বিভাগীয় তদন্ত দল গঠন করা হয়েছিল। তদন্ত দল আসার আগেই হাতিটি মারা গেল।

গতকাল শুক্রবার প্রথম আলোয় ‘রাজলক্ষ্মী ভালো নেই’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।