ইউক্রেনে হামলার শিকার এমভি বাংলার সমৃদ্ধি জাহাজে দুজন নারী ক্যাডেট রয়েছেন। অন্যদের মতো তাঁরাও আতঙ্কে আছেন। জাহাজ থেকে দুজন নারী ক্যাডেট সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পাঠিয়ে তাঁদের আতঙ্কের কথা জানিয়েছেন। জাহাজ থেকে উদ্ধার করার আকুতি জানিয়েছেন তাঁরা। এই দুজন হলেন জাহাজের ডেক ক্যাডেট ফারিয়াতুল জান্নাত এবং ইঞ্জিন ক্যাডেট ফারজানা ইসলাম।
ভিডিও বার্তায় আজ বৃহস্পতিবার ভোরে (বাংলাদেশ সময়) ফারিয়াতুল জান্নাত জানান, ‘আমাদের জাহাজে কিছুক্ষণ আগে বোম্বিং হয়েছে। ...আমরা সবাই খুব বিপদে আছি। আমাদের প্লিজ সবাইকে উদ্ধার করেন। এখান থেকে আমাদের বাঁচান।’
জাহাজের ইঞ্জিন ক্যাডেট ফারজানা ইসলাম ভিডিও বার্তায় জানান, ‘...আমরা এখনো শিপের মধ্যে আছি। আমরা সবাই চাচ্ছি এখান থেকে বের হতে। আপনারা প্লিজ কোনো একটা উপায় করে আমাদের বের করেন। আমরা এখানে থাকতে চাচ্ছি না।’
মেরিন একাডেমি থেকে দুই বছরের ক্যাডেট কোর্স শেষ করে জাহাজে এক বছরের প্রশিক্ষণ নিতে হয়। এমভি বাংলার সমৃদ্ধি জাহাজে এমন প্রশিক্ষণার্থী হিসেবে দুজন ডেক ক্যাডেট এবং দুজন ইঞ্জিন ক্যাডেট রয়েছেন। এ চারজনের দুজন নারী ক্যাডেট কর্মরত রয়েছেন জাহাজটিতে।
বুধবারের হামলার পর এমভি বাংলার সমৃদ্ধি জাহাজে আগুন ধরে যায়। শুরুতে নাবিকেরা আগুন নেভানোর চেষ্টা করেন। অলভিয়া বন্দর থেকে একটি টাগবোট এসে আগুন নেভানোর কাজে অংশ নেয়। নাবিকদের চেষ্টায় জাহাজের আগুন নিয়ন্ত্রণে আসে। হামলায় জাহাজের ব্রিজ ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপে নিথর দেহ পড়ে ছিল হাদিসুর রহমানের।
বাংলাদেশ শিপিং করপোরেশনের এ জাহাজটি তুরস্কের ইরাগলি বন্দর থেকে পণ্য বোঝাই করতে গত ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের উদ্দেশে রওনা হয়। দুই দিন পর অলভিয়া বন্দরের জলসীমায় নোঙর করে। পরদিন বৃহস্পতিবার ভোরে রাশিয়া ইউক্রেনে হামলা করলে জাহাজটি আটকে যায়। এক সপ্তাহের মাথায় হামলার শিকার হয়।