খনন (ড্রেজিং) করে মংলা-ঘষিয়াখালী চ্যানেলের নাব্যতাসংকট দূর করা যাবে না। কারণ, খনন করা অংশ জোয়ারের সঙ্গে আসা পলি পড়ে ভরাট হয়ে যাচ্ছে। বিভিন্ন স্থানে নির্মাণ করা বাঁধ অপসারণ করে এই চ্যানেল ও সংলগ্ন নদী-খালে স্বাভাবিক জোয়ার-ভাটা সৃষ্টি করতে পারলে নাব্যতাসংকট দূর হবে। বাগেরহাটের রামপাল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ‘মংলা-ঘষিয়াখালী চ্যানেলের নাব্যতাসংকট ও ড্রেজিং কার্যক্রম নিয়ে উদ্ভূত পরিস্থিতি’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এ মতামত দেন। সোমবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ সভা আয়োজন করে। বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, মংলা-ঘষিয়াখালী চ্যানেল দিয়ে মংলা সমুদ্রবন্দর থেকে ঢাকাসহ দেশের মধ্য ও উত্তর অঞ্চলে পণ্য পরিবহন করা হয়। একই সঙ্গে ভারত-বাংলাদেশ নৌবাণিজ্য প্রটোকলের আওতায় এ পথ দিয়ে দুই দেশের মধ্যে পণ্যবাহী নৌযান চলাচল করে। প্রায় ৩১ কিলোমিটার দীর্ঘ এই চ্যানেলে কয়েক বছর ধরে চরম নাব্যতাসংকট চলছে।সভায় বক্তারা বলেন, ২০১০ সালের মে মাসে বিআইডব্লিউটিএ এখানে ড্রেজিং কাজ শুরু করে। মাত্র ১৫ দিন এ কাজ হয়েছিল। তখন খনন করা এলাকা তিন মাসের মধ্যে পলি পড়ে ভরাট হয়ে যায়। নদ-নদীর নাব্যতা ও নদীর গতি প্রবাহ অব্যাহত রাখাসংক্রান্ত জাতীয় টাস্কফোর্সের সভার সিদ্ধান্ত অনুযায়ী বিআইডব্লিউটিএ গত ২৮ মার্চ থেকে এ চ্যানেলে ১৪ কোটি টাকা ব্যয়ে খননকাজ শুরু করে। এখন আবার খনন করা এলাকা ভরাট হয়ে যাচ্ছে। সভার প্রধান অতিথি খুলনার মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, শুধু ড্রেজিং করে এই চ্যানেলের নাব্যতা ফিরিয়ে আনা যাবে না। এ জন্য আশপাশের খালের বাঁধগুলো কেটে দিয়ে আটকে রাখা পানিপ্রবাহ উন্মুক্ত করে দিতে হবে। এভাবে স্বাভাবিক জোয়ার-ভাটার পরিবেশ সৃষ্টি করতে হবে। চারদলীয় জোট সরকারের সময় অবৈধ দখলদারেরা চিংড়ি ঘের করে এলাকার নদী-খালের নাব্যতা নষ্ট করে। মূল বক্তা পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের (সিইজিআইএস) উপনির্বাহী পরিচালক মোমিনুল হক সরদার বলেন, অনিশ্চিত ও ব্যয়বহুল মংলা-ঘষিয়াখালী চ্যানেল খনন করে বাঁচিয়ে রাখার চেষ্টা বাদ দিতে হবে। ওই কাজ না করে রামপালের দাউদখালী নদীসংলগ্ন নদীগুলোয় স্বাভাবিক জোয়ার-ভাটার প্রবাহ সৃষ্টি করতে হবে এবং রামপালের ফয়লা স্লুইস গেট তুলে দিতে হবে। এসব কাজ করতে পারলে এ চ্যানেল খনন করে স্বাভাবিক জোয়ার-ভাটার পরিবেশ ফিরিয়ে আনা যাবে। এতে নাব্যতাসংকটও দূর হবে। সভায় সভাপতিত্ব করেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. আকরাম হোসেন। এতে বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগের প্রধান প্রকৌশলী মো. আবদুল মতিন, সংরক্ষণ ও পরিচালনা বিভাগের পরিচালক মো. এমদাদুল হক, রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ, মংলা ও রামপালের উপজেলা নির্বাহী কর্মকর্তা যথাক্রমে মিজানুর রহমান, হেমায়েত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।