বাঁধ অপসারণে আরও ৭ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের মহেশ খালের অস্থায়ী বাঁধ পুরোপুরি অপসারণ করতে আরও এক সপ্তাহ সময় লাগবে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত বাঁধের প্রায় ৪০ শতাংশ কাটা হয়েছে। গত মঙ্গলবার বাঁধ অপসারণের কার্যক্রম শুরু করে চট্টগ্রাম সিটি করপোরেশন।

সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) সুদীপ বসাক প্রথম আলোকে বলেন, শুরুতে তিন থেকে চার দিনের মধ্যে বাঁধ অপসারণ করা সম্ভব মনে হয়েছিল তাঁদের। তখন এক পাশে থাকা গাছের খুঁটিগুলো তুলতে তেমন সমস্যা হয়নি। কিন্তু আরেক পাশে স্টিলের খুঁটিগুলো অনেক গভীরে স্থাপন করা হয়েছে, যা অপসারণ করতে সময় বেশি লাগছে। এ কারণে বাঁধটি পুরোপুরি অপসারণে দেরি হচ্ছে।

সিটি করপোরেশন সূত্র জানায়, বাঁধটি অপসারণের জন্য ৫০ জন শ্রমিক দুই ভাগে বিভক্ত হয়ে দুই পালায় কাজ করছেন। বাঁধ অপসারণ না হওয়া পর্যন্ত তাঁরা কাজ করবেন। মেয়র আ জ ম নাছির উদ্দীন নিয়মিত বাঁধ অপসারণ কার্যক্রম তদারকি করছেন।

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ ও উত্তর হালিশহর এলাকায় কর্ণফুলী নদীর জোয়ারজনিত জলাবদ্ধতা নিরসনে ২০১৫ সালের অক্টোবর মাসে বন্দর রিপাবলিক ক্লাব এলাকায় মহেশ খালের ওপর পৌনে তিন কোটি টাকা ব্যয়ে অস্থায়ী বাঁধটি নির্মাণ করে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম নগরের আগ্রাবাদ ও হালিশহরে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ১ জুন চট্টগ্রাম সিটি করপোরেশন, বন্দর কর্তৃপক্ষ ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ সভায় বাঁধটি অপসারণের সিদ্ধান্ত হয়।