বাঁধ অপসারণে মন্ত্রণালয়ে চিঠি দিচ্ছে বন্দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের মহেশখালের ওপর অস্থায়ী বাঁধ অপসারণের অনুমতি চেয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে চিঠি দিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রায় ২০ মাস আগে সিটি করপোরেশন ও স্থানীয় মানুষের অনুরোধে এই বাঁধ নির্মাণ করেছিল বন্দর।
বাঁধ নির্মাণের পর জোয়ারের পানি থেকে আগ্রাবাদ ও হালিশহর এলাকার বাসিন্দারা সুফল পেয়ে আসছিলেন। কিন্তু এক সপ্তাহ আগে ভারী বর্ষণে মহেশখাল দিয়ে দুই এলাকার পানি সরতে না পারায় জলাবদ্ধতা হয়। এতে লাখো মানুষ ভোগান্তিতে পড়েন।
গত বৃহস্পতিবার সিটি করপোরেশন, বন্দর ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ সভায় এই অস্থায়ী বাঁধটি অপসারণের সিদ্ধান্ত হয়। এই বাঁধ অপসারণে বন্দরকে অনুরোধ জানিয়ে চিঠি দেয় সিটি করপোরেশন।
গত সোমবার বন্দর পর্ষদের সভায় বাঁধটি অপসারণের জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে বন্দর পর্ষদের সদস্য জাফর আলম গতকাল মঙ্গলবার রাতে প্রথম আলোকে বলেন, বাঁধটি অপসারণের অনুমতি চেয়ে শিগগিরই নৌপরিবহন মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হবে।