বাঁধ অপসারণের দাবিতে কুলাউড়ায় কৃষক সমাবেশ
হাকালুকি হাওরপারের বোরো রক্ষা ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার নবাবগঞ্জ বাজারে গত শুক্রবার কৃষক সমাবেশ হয়েছে। সমাবেশে বক্তারা পানি নিষ্কাশনের সুবিধার্থে অপরিকল্পিত বাঁধ অপসারণ এবং দুটি ইটভাটা সরিয়ে নেওয়ার দাবি জানান।বিকেল পাঁচটায় স্থানীয় কৃষক সমিতির আয়োজনে কুলাউড়ার ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির। বক্তব্য দেন আবদুল মালিক, হাওর বাঁচাও-কৃষক বাঁচাও-কৃষি বাঁচাও সংগ্রাম পরিষদ, সিলেট জেলা কমিটির সভাপতি আবু লেইছ, এম এ অদুদ, খোরশেদ উল্লাহ প্রমুখ।বক্তারা বলেন, সিলেটের ফেঞ্চুগঞ্জে জুড়ী নদীর শাখার মোহনায় বুড়িকিয়ারি বিলের কাছে অপরিকল্পিত একটি বাঁধ নির্মাণ করায় জুড়ী ও বোরোদল নদীর পানি নিষ্কাশনে ব্যাঘাত ঘটে। এ ছাড়া একই এলাকায় জুড়ী নদীর মোহনার পার্শ্ববর্তী দুটি ইটভাটার খোয়া ফেলে রাখায় জায়গাটা সরু হয়ে গেছে। ওই দুটি নদীর পানি পাশের কুশিয়ারা নদীতে গিয়ে পড়ে। পাহাড়ি ঢলের সময় জলাবদ্ধতার কারণে হাওরপারের বিস্তীর্ণ জমির ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা করেন বক্তারা।