চট্টগ্রাম বন্দর এলাকায় মহেশখালের ওপর নির্মিত বাঁধ অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই দাবিতে গতকাল বুধবার ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ড সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল বিদেশে অবস্থান করায় তাঁর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) কমোডর জুলফিকার আজিজ। এ সময় বন্দর কর্তৃপক্ষের সদস্য জাফর আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়, গত বছর সেপ্টেম্বরে আগ্রাবাদ সিডিএ এলাকাবাসীকে রক্ষার নামে মহেশখালের ওপর বন্দর কর্তৃপক্ষ বাঁধ নির্মাণ করে। এই বাঁধের কারণে জোয়ারের পানির স্বাভাবিক গতিপ্রবাহ বাধাগ্রস্ত হয়ে ৩৭ নম্বর হালিশহর মুনিরনগর ওয়ার্ড এবং ৩৮ নম্বর দক্ষিণ মধ্য হালিশহর ওয়ার্ডের বাসিন্দারা দুর্ভোগ পোহাচ্ছেন। স্মারকলিপি দেওয়ার সময় এলাকাবাসীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি নূরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ প্রমুখ।
স্মারকলিপি দেওয়ার সময় বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, মহেশখালের মুখে স্থায়ী জলকপাট নির্মাণের প্রক্রিয়া চলছে। জলকপাট নির্মাণ করা হলে এ সমস্যা থাকবে না।