বাঁধ উঁচু করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্বল ও নিচু বেড়িবাঁধের কারণে বাগেরহাটের শরণখোলা উপজেলার মানুষ দুর্যোগের ঝুঁকিতে আছে। ২০০৭ সালের ১৫ নভেম্বর সিডরে বলেশ্বর নদের জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে শরণখোলায় ৭৭২ জন নিহত হয়। সিডরের তিন বছর পরেও শরণখোলায় উঁচু করে বাঁধ নির্মাণ করা হয়নি। তাই আতঙ্কিত শরণখোলাবাসী বাঁধটি উঁচু করার দাবি জানিয়েছেন।স্থানীয় সূত্র জানায়, শরণখোলার রায়েন্দা থেকে বগি পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার বাঁধের অর্ধশতাধিক স্থান ঝুঁকিপূর্ণ। সিডরের পর থেকে বাঁধের এই অংশ সংস্কারে প্রায় আট কোটি টাকা ব্যয় হয়েছে।উপজেলার সাউথখালী ইউনিয়নের বলেশ্বর নদের তীরের রায়েন্দা গ্রামের বাসিন্দা আলম হাওলাদার বলেন, এই বাঁধটি আরও অন্তত তিন ফুট উঁচু করা দরকার। বাঁধের ভাঙা অনেক স্থান ঠিকমতো মেরামত করা হয়নি। সিডরের সময় জলোছ্বাসে তিনি তাঁর মাসহ পরিবারের নয় সদস্যকে হারিয়েছেন। রায়েন্দা ইউনিয়নের রাজেশ্বর গ্রামের কৃষক হাফিজুর রহমান (৫৪) বলেন, ‘সিডরের পর আমরা বাঁধটি উঁচু করার কথা বলেছি। কিন্তু তা করা হয়নি।’শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন আকন জানান, বলেশ্বর নদের তীরবর্তী বাঁধ আরও অন্তত তিন ফুট উঁচু করা প্রয়োজন। কিন্তু উঁচু করা তো দূরের কথা, বাঁধের দুর্বল অংশগুলো ঠিকমতো সংস্কারই করা হচ্ছে না। সিডর বা আইলার মতো দুর্যোগে এই বাঁধ ঝুঁকিপূর্ণ।পানি উন্নয়ন বোর্ড, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী খলিলুর রহমান জানান, ষাটের দশকে এসব বাঁধের নকশা করা হয়েছিল। জলবায়ু পরিবর্তনজনিত কারণে বিষয়গুলো নতুন করে ভাবা হচ্ছে। বিশেষজ্ঞ নিয়োগ করে তাঁদের প্রতিবেদনের ওপর ভিত্তি করে নতুনভাবে এসব বাঁধের উচ্চতা নির্ধারণ করা হবে।