বাঁধ ও সড়ক বিধ্বস্ত, দুর্ভোগে গ্রামবাসী

পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে জলোচ্ছ্বাসে ভেঙে যাওয়া বেড়িবাঁধ ও সড়ক আজও নির্মাণ করা হয়নি। ফলে দুর্ভোগে পড়েছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) সঙ্গে বিচ্ছিন্ন হওয়া তিন গ্রামের লোকজন।
সরেজমিনে এলাকাবাসীর সঙ্গ কথা বলে জানা যায়, গত ১২ জুলাই সাত দিনের জলোচ্ছ্বাসে বলইকাঠি গ্রামের সড়ক ও বাঁধটি ভেঙে যায়। ছয় মাস পেরিয়ে গেলেও বাঁধটি নির্মাণ না হওয়ায় এর ওপর সংযোগ সড়কও নির্মিত হচ্ছে না। এতে ইউনিয়ন পরিষদের সঙ্গে বলইকাঠি, উত্তর বাদুরা ও পূর্ব আউলিয়াপুর গ্রামের মানুষের যোগাযোগ কষ্টকর হয়ে পড়েছে। যাতায়াতের জন্য গ্রামবাসী বাঁধের পাশ দিয়ে হাঁটার সরু রাস্তা তৈরি করলেও তার ওপর দিয়ে কোনো যান চলাচল সম্ভব নয়। এতে তাঁদের দূরদূরান্তে হেঁটে যেতে হচ্ছে।
বলইকাঠি গ্রামের আসমা বেগম বলেন, বাঁধের অপর পাশে দুটি মাধ্যমিক বিদ্যালয়, দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসা রয়েছে। কিন্তু এখন বাঁধের পাশের রাস্তা দিয়ে হেঁটে শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে যেতে হচ্ছে। বাঁধ ও সড়ক নির্মাণ করা না হলে বর্ষা মৌসুমে শিশুশিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া বন্ধ হয়ে যাবে।
উত্তর বাদুরা গ্রামের দুলু মৃধা জানান, জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে তাঁদের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কটিও বিধ্বস্ত হওয়ায় তাঁদের ইউপি কার্যালয়ে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষা মৌসুমের আগেই বাঁধ নির্মাণ করা না হলে আবারও ক্ষতির আশঙ্কা রয়েছে।
আউলিয়াপুর ইউপির চেয়ারম্যান আলতাফ হোসেন জানান, দ্রুত বাঁধ মেরামত করা না হলে তিন গ্রামের পাঁচ হাজার মানুষের দুর্ভোগসহ কৃষিতে এর প্রভার পড়বে। বিষয়টি পল্লী উন্নয়ন বোর্ড ও এলজিইডিকে জানানো হয়েছে।
এলজিইডি পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী আবু সালেহ্ হানিফ বলেন, বিষয়টি শুনে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে পাউবো বাঁধ নির্মাণ করার পরই সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
পাউবো পটুয়াখালীর উপসহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, বাঁধের আধা কিলোমিটার সম্পূর্ণ ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও এক কিলোমিটার। এটা নির্মাণে ব্যয় হবে ৭৫ লাখ টাকা। অর্থ বরাদ্দ পেলে শুকনো মৌসুমেই বাঁধের নির্মাণকাজ শুরু করা যাবে।