বাঁধ কেটে দেওয়ায় চাষাবাদ অনিশ্চিত
কক্সবাজারের টেকনাফে পাহাড়ি ছড়ার বাঁধ কেটে দেওয়ায় ৩০০ একর ফসলি জমির চাষাবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। এলাকাবাসী জানায়, উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলি পাহাড়ি ছড়ায় বাঁধ দিয়ে কয়েক বছর ধরে কেরুনতলি, গিলাতলি, কাটাখালী এলাকার দুই শতাধিক কৃষক প্রায় ৩০০ একর জমিতে বোরো ধানসহ তরমুজ, মরিচ, ঢ্যাঁড়স ও ভুট্টার চাষাবাদ করে আসছিলেন। এলাকাবাসী বলেন, গত সোমবার রাতে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে উখিয়ার কিছু লোক ওই বাঁধের চারটি জায়গায় কেটে দেয়। এতে ৩০০ একর জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এ ছাড়া এসব জমিতে চাষাবাদও অনিশ্চিত হয়ে পড়েছে। এ ব্যাপারে কৃষকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর তিন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। কৃষক রশিদ আহমদ, রমজান আলী, আবুল কাসেম, মনছুর আলী ও ফজল কবির বলেন, শুষ্ক মৌসুমে চাষাবাদের জন্য উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে নিজেদের উদ্যোগে তাঁরা দুই লক্ষাধিক টাকা ব্যয় করে ওই বাঁধ দিয়েছিলেন। ওই বাঁধ দিয়ে পানি সংরক্ষণ করে তাঁরা প্রতিবছর চাষাবাদ করে আসছিলেন। এখন বাঁধটি কেটে পানি ছেড়ে দেওয়ায় ফসল নষ্ট হয়ে যাচ্ছে। জানতে চাইলে টেকনাফের ইউএনও মো. সামছুল ইসলাম প্রথম আলোকে বলেন, বাঁধ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা কৃষি কর্মকর্তা ও হোয়াইক্যং পুলিশ ফাঁড়িকে নির্দেশ দেওয়া হয়েছে।