বাঁধ কেটে দেওয়ায় ভেসে গেল পাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্বৃত্তরা নাটোরের সিংড়া উপজেলার আনন্দনগর গ্রামে গত সোমবার রাতে বারনই নদীর বাঁধ কেটে দিয়েছে। এতে নদীর পানি প্রবল বেগে চলনবিলে ঢুকে পড়ায় কয়েক শ কৃষকের জাগ দেওয়া লাখ লাখ টাকার পাট ভেসে গেছে। কয়েক হাজার বিঘা জমির আমনধান তলিয়ে গেছে।আনন্দনগর গ্রামের বাসিন্দারা জানান, চলনবিলের দক্ষিণাংশের অপেক্ষাকৃত উঁচু জমিতে ধানের চাষ করার জন্য বারনই নদীর উত্তরাংশে সরকার বাঁধ নির্মাণ করে। এর ফলে কয়েক বছর ধরে তাঁরা ভালোভাবেই আমনের আবাদ করে আসছিলেন। হঠাৎ সোমবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা গ্রামের ফকিরপাড়া জোলার মাথায় বাঁধটি কেটে দেয়। ফলে নদীর পানি চলনবিলে ঢুকে পড়ে। গ্রামের পাটচাষি আমিনুর রহমান জানান, ‘অন্তত দেড় শ কৃষক পাট জাগ দিয়েছিলেন। এসব পাটের মূল্য ১০ লাখ টাকার ওপরে হবে। আমরা ভাবতেও পারিনি দুর্বৃত্তরা রাতের আঁধারে বাঁধটি কেটে দেবে।’নাম প্রকাশে অনিচ্ছুক এক স্কুলশিক্ষক বলেন, ‘বাঁধের মুখে সুতি জাল বসিয়ে মাছ শিকার করার জন্য ক্ষমতাসীন দলের প্রভাবশালী ব্যক্তিরা বাঁধটি কেটে দিয়েছে। দুর্বৃত্তদের আমরা চিনলেও নাম প্রকাশ করতে পারব না।’ স্থানীয় কলম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রাতের আঁধারে ঘটনাটি ঘটেছে। আমরা তাদের চিহ্নিত করার চেষ্টা করছি। পানির তীব্র স্রোতের কারণে বাঁধটি মেরামত করা সম্ভব হচ্ছে না। পানির তোড়ে কয়েক শ বিঘা জমির আমন ডুবে গেছে।’