বাঁধ কেটে বাগান!

আইনে বাঁধের ওপর গরু-ছাগল উঠলেই জরিমানার বিধান রয়েছে। কারণ, পশুর খুরের আঘাতে মাটি আলগা হয়ে যায়। কিন্তু রাজশাহী শহররক্ষা বাঁধের মাটি রীতিমতো কোদাল দিয়ে কাটা হচ্ছে। চলছে দীর্ঘ এলাকাজুড়ে খোঁড়াখুঁড়ি।
বাঁধে ফুলের বাগান করতে গিয়ে রাজশাহী সিটি করপোরেশন কর্তৃপক্ষ এ কাজটি করছে বলে জানা গেছে। যদিও বাঁধ ব্যবস্থাপনার দায়িত্ব তাদেরই।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী হারুন অর রসিদ বলেন, ১৮৭১ সালের ‘ক্যাটল ট্রেস পাস’ আইনে বাঁধের ওপর গরু-ছাগল উঠলে জরিমানার বিধান রয়েছে। কারণ, গরু-ছাগলের খুরের আঘাতে বাঁধের মাটি আলগা হয়ে যেতে পারে। সেই হিসেবে কুপিয়ে বাঁধের মাটি আলগা করার কাজটি কোনোভাবেই আইনসংগত হতে পারে না।
রাজশাহীতে নদী নিয়ে গবেষণা করছেন হ্যারিটেজ-রাজশাহীর সভাপতি মাহাবুব সিদ্দিকী। তিনি বলেন, বাঁধ খোঁড়াখুঁড়ি বা কাটাকাটি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ জন্য অর্থদণ্ড অথবা কারাদণ্ড হতে পারে।
এই বাঁধেই ফুলের বাগান করার জন্য গত বছরের শেষ দিকে বাঁশের বেড়া দেওয়া হয়। সে সময় বাঁধের ঢালের ১৪টি শিশুগাছসহ আরও কয়েকটি গাছ কেটে ফেলা হয়। বাঁধের ঢাল কেটে বসানো হয় দেড় শ টব। কয়েকটি টবে লাগানো হয় ফুলগাছ। কিন্তু ছয় মাসের মাথায় বেড়া ভেঙে ফুলবাগানে চড়তে শুরু করে গরু-ছাগল। উজাড় হয়ে যায় বাগান। এখন আবার সেই একই কাজে হাত দেওয়া হয়েছে। প্রতিদিন সাত-আটজন শ্রমিক কোদাল দিয়ে বাঁধের ঢালের মাটি কুপিয়ে আলগা করছেন।
গতকাল সরেজমিনে দেখা যায়, একদল শ্রমিক বাঁধের ঢাল খুঁড়ছেন। তালাইমারী শহীদ মিনার থেকে শাহমখদুম কলেজ পর্যন্ত ঢালজুড়ে চলছে খোঁড়াখুঁড়ি। কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়, সিটি করপোরেশনের পক্ষ থেকে এ কাজ করানো হচ্ছে।
বাঁধ কেটে গাছ লাগানোর এই কাজে ক্ষুব্ধ এলাকাবাসী। হাদির মোড় এলাকার সোহাগ রানা বলেন, যেভাবে ঢালের মাটি কুপিয়ে আলগা করা হচ্ছে, তাতে বাঁধ আর বৃষ্টির পানির ধকলই সইতে পারবে না। পদ্মা নদী আস্তে আস্তে শহরের দিকে আসছে। এই সময়ে বাঁধের যত্ন নেওয়া দরকার। কিন্তু করা হচ্ছে উল্টোটা।
জানতে চাইলে রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম গতকাল রাতে বলেন, বাঁধের মাটি কাটার বিষয়টি তাঁর জানা নেই। তিনি খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন। তবে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক অভিযোগ করেন, বাঁধের কাজটি সাময়িক বরখাস্ত হওয়া মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের ব্যক্তিগত সহকারী বিপ্লব করাচ্ছেন। কাজটি বন্ধ করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। মুঠোফোনের সংযোগ না পাওয়ায় এ বিষয়ে বিপ্লবের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।