বাঁধ কেটে বালু তুলছেন নেতারা
প্রশাসনের অনুমোদন ছাড়াই রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বন্যানিয়ন্ত্রণ বাঁধ কেটে রাস্তা তৈরি করে পদ্মা নদীর বালু ও মাটি তুলে নিয়ে বিক্রি করছেন আওয়ামী লীগের স্থানীয় নেতারা।এ ব্যাপারে স্থানীয় লোকজন প্রশাসনের কাছে অভিযোগ করলে কয়েক দিন বন্ধ থাকার পর আবার পুরোদমে বালু ও মাটি তোলার কাজ চলছে।খোঁজ নিয়ে জানা গেছে, গোদাগাড়ী উপজেলার প্রেমতলী, বিদিরপুর, ভগবন্তপুর, সুলতানগঞ্জ, ভাটোপাড়া ও বারোমাইল এলাকায় পদ্মা নদী থেকে পলিমাটি ও বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা অনুমোদন ছাড়াই বন্যানিয়ন্ত্রণ বাঁধ কেটে নদীতে নামার রাস্তা তৈরি করে এই কাজ করছেন।স্থানীয় লোকজন জানান, বালু ছাড়াও পদ্মা নদীর পলিমাটি তাঁরা ইটভাটায় বিক্রি করছেন। বাঁধসংলগ্ন এলাকায় খনন করে বালু তোলার ফলে এই এলাকা ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। এতে বাঁধের নিচের ব্লক সরে গিয়ে বর্ষা মৌসুমে ভাঙন দেখা দিতে পারে।গত সোমবার উপজেলার ভাটোপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, বাঁধ কেটে নদীর গভীর পর্যন্ত ঢাল তৈরি করা হয়েছে। এই ঢাল বেয়ে নদীর ভেতরে ট্রলি নেমে যাচ্ছে। ভরাট বালু তুলে এলাকার ফুলতলায় জমা করা হচ্ছে। সেখান থেকে বিক্রি করা হচ্ছে। আর নদীর পলিমাটি সরাসরি ইটভাটার মালিকেরা তাঁদের গাড়িতে করে নিয়ে যাচ্ছেন। ভাটোপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফিরোজ সরকার এই বালুঘাট চালাচ্ছেন।ফিরোজ সরকার মুঠোফোনে বলেন, ‘আমি শুধু একা নই, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ স্থানীয় পাঁচ-ছয়জন সম্মিলিতভাবে এই কাজ করছি। এতে বেকার যুবকদের একটা কর্মসংস্থান হচ্ছে। সেই সঙ্গে এলাকার উন্নয়নমূলক কাজের জন্য মাটির প্রয়োজন হচ্ছে। সেই মাটি বাইরে আর কোথাও পাওয়া যাচ্ছে না। সেই উন্নয়ন কাজগুলোও করা যাচ্ছে।’ বাঁধ কাটার ব্যাপারে তিনি বলেন, ‘আমরা বাঁধ কেটেছি ঠিক, কিন্তু যাতে ক্ষতি না হয় সে জন্য এক হাজার ৪০০ বালুর বস্তা দিয়ে প্রটেকশন দিয়েছি। এতে তিন-চার লাখ টাকা ব্যয় হয়েছে।’ এ জন্য কর্তৃপক্ষের কোনো অনুমতি নিয়েছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, মৌখিকভাবে বলেছিলেন, এলাকার বেকার ছেলেদের একটা ব্যবস্থা হবে। কোনো ক্ষতি না হলে ইউএনও মৌখিকভাবেই করতে বলেছিলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম তুহিনুর আলম বলেন, খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুল ইসলাম বলেন, ‘আমাদের নজরে আসার পরই আমরা বালু তোলা বন্ধ করে দিয়েছি।’ তার পরও বালু তোলা হচ্ছে বিষয়টি জানেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি।’ জেলা প্রশাসক আবদুল হান্নান বলেন, জেলার কোথাও পদ্মা থেকে কাউকে বালু বা মাটি তোলার অনুমতি দেওয়া হয়নি।