বাঁধ কেটে ভাটার রাস্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যানিয়ন্ত্রণ বাঁধ কেটে ইটভাটার জন্য রাস্তা করার অভিযোগ পাওয়া গেছে।
এলাকার লোকজন জানান, কলাগাছিয়া এলাকায় তিন বছর আগে মেসার্স মা ব্রিকস নামের একটি ইটভাটা স্থাপন করেন কবির মিয়া নামের এক ব্যক্তি। কলাগাছিয়া এলাকায় পাউবো নির্মিত বাঁধের দুই পাশজুড়ে তাঁর ভাটার কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। তিন বছর আগে ভাটা স্থাপনের পরপরই মালামাল আনা-নেওয়া ও কাজের সুবিধার জন্য বাঁধটির ১০ থেকে ১২ ফুট কেটে রাস্তা তৈরি করা হয়। আর কাটা অংশের ওপরে কাঠের তক্তা ও খেজুরগাছ ফেলে লোকজনের চলাচলের ব্যবস্থা করা হয়। এর ওপর দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে পথচারী ও ছোট যানবাহন চলাচল করছে।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, বন্যানিয়ন্ত্রণ বাঁধ কেটে এর ওপরে কিছু খেজুরগাছের গুঁড়ি ফেলে রাখা হয়েছে। এর ওপর দিয়ে মোটরসাইকেল, রিকশা, ভ্যান যাতায়াত করছে। বাঁধের নিচ দিয়ে ইটভাটার শ্রমিকেরা ঝুঁকি নিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভাটার মালামাল আনা-নেওয়া করছেন। পাটাতনের ওপর দিয়ে মোটরসাইকেলসহ যানবাহন চলাচল করছে। ইটভাটার এক শ্রমিক বলেন, বাঁধ না কাটলে শ্রমিকদের বাঁধের ওপর দিয়ে মাটি ও অন্যান্য মাল নিয়ে যাতায়াত করতে হতো। মালামাল আনা-নেওয়ার সুবিধার জন্য বাঁধটি কাটা হয়েছে।
এলাকার অন্তত ১০ জন অভিযোগ করেন, বন্যানিয়ন্ত্রণ বাঁধ কেটে রাস্তা তৈরি করায় পুরো গুলিশাখালী ইউনিয়নটি ঝড়-জলোচ্ছ্বাসের হুমকিতে আছে। কারণ, বাঁধের পাশেই গুলিশাখালী খাল। নদ-নদীতে অস্বাভাবিক জোয়ার বা মাঝারি আকারের জলোচ্ছ্বাস হলে গোটা ইউনিয়ন প্লাবিত হয়ে পড়তে পারে। ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরের সময় এই বাঁধ ভেঙে এলাকার হরিদ্রাবাড়িয়া গ্রামের ১২ জন লোক মারা যান। এই বাঁধের ওপর দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ ছাড়াও রিকশা, ভ্যান, মোটরসাইকেল মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করে।
গুলিশাখলী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, এই বাঁধ গোটা ইউনিয়নের মানুষের জানমাল রক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। তা ছাড়া বাঁধ কাটা অপরাধ। বাঁধটি মেরামত করে দেওয়ার জন্য এরই মধ্যে ভাটামালিককে বলা হয়েছে। জানতে চাইলে ভাটার মালিক কবির মিয়া বলেন, ‘পাউবো কর্তৃপক্ষকে জানিয়েই আমি বাঁধ কেটে রাস্তা করেছি।’
পাউবো বরগুনার নির্বাহী প্রকৌশলী এস এম শহিদুল ইসলাম বলেন, ‘বাঁধ খুবই স্পর্শকাতর স্থাপনা। এটা কাটার অনুমতি কেউ দিতে পারে না। আমি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া নেব। বাঁধ কেটে রাস্তা বানানোর বিষয়টি আমার জানা নেই।’