বাঁধ খুঁড়ে পাথর লুটের প্রস্তুতি

সিলেটের জাফলংয়ে আদিবাসী পল্লি রক্ষায় পিয়াইন নদীর তীরে প্রায় দুই যুগ আগে বন্যানিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়েছিল। নির্মাণের পর থেকে সংস্কার না হওয়ায় ২০১২ সালে আদিবাসীরা স্বেচ্ছাশ্রমে বাঁধটি পুনর্নির্মাণ করেছিলেন। তবে এক সপ্তাহ ধরে বাঁধ এলাকায় খননযন্ত্র দিয়ে বড় বড় গর্ত করে পাথর উত্তোলন করার প্রস্তুতি চলছে।
সিলেটের গোয়াইনঘাটের পূর্ব জাফলং ইউনিয়নের সংগ্রামপুঞ্জিতে খাসি আদিবাসী ও বাঙালি পরিবারের বসবাস। আদিবাসীসহ স্থানীয় বাসিন্দারা জানান, ১৯৮৮ সালের বন্যায় আদিবাসী খাসি সম্প্রদায়-অধ্যুষিত সংগ্রামপুঞ্জির এক-তৃতীয়াংশ এলাকা পিয়াইন নদীর গর্ভে বিলীন হয়ে যায়। এরপর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তদারকিতে এক কিলোমিটার দীর্ঘ একটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ হয়। তবে নির্মাণের পর আর সংস্কার না হওয়ায় ২০১২ সালের বর্ষার আগে আদিবাসীরা স্বেচ্ছাশ্রমে বাঁধটি পুনর্নির্মাণ করেন।
পাউবো সিলেটের নির্বাহী প্রকৌশলী শৈলেন চন্দ্র পাল জানান, বন্যার পর খণ্ডকালীন প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে পাউবো বিদেশি অর্থায়নে বাঁধটি নির্মাণ করেছিল। খণ্ডকালীন হওয়ায় পরবর্তী সময়ে এর সংস্কার করা হয়নি।
সংগ্রামপুঞ্জির বাসিন্দারা অভিযোগ করেন, জাফলংয়ে পিয়াইন নদীর পাথর উত্তোলনে যন্ত্র ব্যবহার করায় প্রতিবছর পাহাড়ি ঢলের তোড়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অবস্থা নড়বড়ে হয়ে গেছে। এবার শুষ্ক মৌসুমের শুরুতেই বাঁধের সেই অংশসহ পিয়াইন নদীতীরের প্রায় এক কিলোমিটার অংশে পাথর উত্তোলনের জন্য বড় বড় গর্ত করা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সংগ্রামপুঞ্জির সম্মুখভাগসহ পিয়াইনের তীরে অর্ধশতাধিক গর্ত করা হয়েছে। ১৫ থেকে ২০ ফুট গভীর ২২টি গর্ত খোঁড়া হয়েছে পে-লোডার দিয়ে। এসব গর্তে পাথর উত্তোলন যন্ত্র ও পাইপ দিয়ে পানি অপসারণকাজ করেন শ্রমিকেরা পাথর উত্তোলনের প্রস্তুতি নিচ্ছেন। গর্ত খননকারী পাথর ব্যবসায়ীদের দাবি, ব্যক্তিমালিকানাধীন জমি কিনে তাঁরা পাথর উত্তোলনের চেষ্টা করছেন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতির প্রয়োজন নেই।
‘সিলেট অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠী’ নামের মানবাধিকারবিষয়ক সংগঠনের সদস্যসচিব লক্ষ্মীকান্ত সিংহ বলেন, জাফলংয়ে সংগ্রামপুঞ্জি ও নকশিয়াপুঞ্জি—এ দুটো এলাকায় আদিবাসী খাসি পরিবারের বসবাস। যেভাবে গর্ত খোঁড়াখুঁড়ি চলছে, তাতে সবার আগে আদিবাসী পরিবারগুলো ঝুঁকির মুখে পড়বে। জমির মালিকানাসূত্রে স্থানীয় একটি অংশ সংশ্লিষ্ট থাকায় আদিবাসীদের পক্ষ থেকে সম্মিলিত কোনো উদ্যোগ নেওয়া সম্ভব হচ্ছে না বলে তিনি স্বীকার করেন।
জাফলংয়ে পর্যটনশিল্পের অন্যতম উদ্যোক্তা প্রতিষ্ঠান ‘নাজিমগড় রিসোর্ট’-এর ব্যবস্থাপক হাসান মোরশেদ জানান, জাফলংয়ের পিয়াইন ও ডাউকি দুটো সীমান্ত নদী। বর্ষাকালে এ দুই নদী দিয়ে পাহাড়ি ঢল নামে। শুষ্ক মৌসুমে পাথর উত্তোলনে যত্রতত্রভাবে যন্ত্র ব্যবহার করায় পাহাড়ি ঢলের মাত্রা ক্রমে বেড়ে চলেছে। এবার সেই বাঁধ এলাকায় খোঁড়াখুঁড়ি চলায় আগামী বর্ষায় পরিণতি কী হবে—তা আর বলার অপেক্ষা রাখছে না। প্রশাসনের উচিত এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল ইসলাম বলেন, ‘ব্যক্তিমালিকানাধীন জমি হলেও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী খোঁড়াখুঁড়ি করে পাথর উত্তোলন বিধিসম্মত নয়। আদিবাসী পল্লি ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষা—দুটো বৃহত্তর স্বার্থে আমি এ ব্যাপারে সরেজমিন পরিদর্শন করে ব্যবস্থা নেব।’