বাঁধ তৈরি করে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার
নওগাঁর রানীনগর উপজেলার রতনডারী খালে অবৈধভাবে বেড়ার বাঁধ তৈরি করে নিষিদ্ধ সুতি জাল দিয়ে মাছ ধরা হচ্ছে। এভাবে দুই মাস ধরে মাছ ধরলেও মৎস্য বিভাগ তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না বলে এলাকাবাসী অভিযোগ করেছে।
সম্প্রতি উপজেলার রক্তদহ বিলসহ এর আশপাশের খালে কয়েক মণ বিভিন্ন প্রজাতির মাছ ছাড়া হয়। রক্তদহ বিলের সঙ্গে সংযোগ আছে রতনডারী খালের। রতনডারী খাল উপজেলা সদরের বেলোবাড়ি-দাউদপুর, সিংড়াডাঙ্গা ও সাতানী গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে।
গত শনিবার সরেজমিনে দেখা যায়, এই খালের পাঁচটি জায়গায় বাঁশ ও বেড়া দিয়ে বাঁধ দেওয়া হয়েছে। সিংড়াডাঙ্গা গ্রামের ইসারুল বাসার, বায়েজিদ আলী, মো. হাবিব, রাকিবুল ইসলাম ও বাবু প্রামাণিক অবৈধভাবে মাছ ধরছেন। বাঁধ দেওয়ার পাশাপাশি তাঁরা নিষিদ্ধ সুতির জাল ব্যবহার করছেন। সে জালে ম-মাছ থেকে শুরু করে পোনা মাছও ধরা পড়ছে। এ সময় এই মৎসজীবীদের সঙ্গে কথা বলতে চাইলে তারা কেউ কথা বলতে রাজি হননি।
মৎস্যজীবী সাইদুল ইসলাম (৪০) বলেন, রতনডারী খালে একসময় প্রচুর মাছ পাওয়া যেত। এখন আর মাছ পাওয়া যায় না। বর্ষা মৌসুমেও জালে মাছ ওঠে না। কারণ খালে আগের মতো মাছেরা বংশবিস্তার করতে পারছে না। প্রায় দুই মাস ধরে কতিপয় জেলে বেড়া দিয়ে নিষিদ্ধ মাছ ধরছে। সুতির জাল ছোট ফাঁসের হওয়ায় পোনা মাছও রেহাই পায় না।
উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান বলেন, মুক্ত জলাশয়ে বেড়া দেওয়া ও সুতি জাল ব্যবহার করা নিষিদ্ধ ও বেআইনি। শিগগিরই ওই মাছ শিকারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।