বাঁধ দিয়ে পানি আটকানোয় বোরোর আবাদ ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কাঞ্চনপুর হাওরে প্রায় ৩০০ একর বোরো জমিতে চাষাবাদ করা যাচ্ছে না। বর্ষায় হাওরে জমে থাকা পানি মাটির বাঁধ দিয়ে আটকে রাখায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কেওয়ারজোর ইউনিয়নের কাঞ্চনপুর হাওরে বর্ষায় জমে থাকা পানি প্রতিবছর শুকনো মৌসুমে, বিশেষ করে বোরো ধান চাষাবাদের সময় ফুলপুর গ্রামের পাচনের খাল দিয়ে ধনু নদীতে নামিয়ে দেওয়া হয়। কিন্তু এ বছর ফুলপুর গ্রামের প্রভাবশালী কয়েকজন ব্যক্তি খালের মাথায় ৩০০ ফুট মাটির বাঁধ তৈরি করায় পানি নামানো যাচ্ছে না। এতে জমিতে কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে প্রায় ৩০০ একর বোরো জমিতে চাষাবাদ করা যাচ্ছে না।
এলাকার কৃষক মিন্টু মিয়া জানান, ওই হাওরে তাঁর ১০ একর জমি রয়েছে। বাঁধ দিয়ে জলাবদ্ধতার সৃষ্টি করায় তিনি চাষাবাদ করতে পারছেন না। একই কথা বললেন কৃষক ফরিদউদ্দিন ভূঁইয়া, হেলাল চৌধুরী ও মেনু মিয়া। তাঁরা বলেন, জমি চাষ করতে না পারলে তাঁদের না খেয়ে মরতে হবে। ওই বাঁধ তৈরিতে সম্পৃক্ত কয়েকজন গ্রামবাসী বলেন, বাঁধ কেটে পানি নামতে দিলে তাঁদের বাড়িঘরের ক্ষতি হবে।
তবে একাধিক গ্রামবাসী নাম প্রকাশ না করার শর্তে বলেন, শুধু ব্যক্তিগত ঈর্ষা-বিদ্বেষের কারণে তাঁরা এমনটি করছেন। কেওয়ারজোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফতাব উদ্দিন ভূঁইয়া জানান, এ ব্যাপারে ভুক্তভোগী কৃষকদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে।
উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।