বাঁধ না সরালে গলাসমান পানিতে ডোবার আশঙ্কা মেয়রের
এই মাসের মধ্যে নগরের খালগুলোর ভেতর দেওয়া অস্থায়ী বাঁধ অপসারণ করতে বলেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। বাঁধগুলো অপসারণ করা না হলে আগামী বর্ষায় গলাসমান পানিতে ডুববে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
আজ বৃহস্পতিবার দুপুরে দায়িত্ব নেওয়ার প্রথম ১০০ দিনের ক্র্যাশ প্রোগ্রামের অগ্রগতি জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। চট্টগ্রাম নগরের আন্দরকিল্লায় পুরোনো নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে এই সংবাদ সম্মেলন হয়।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নগরের জলাবদ্ধতা নিরসনে ৫ হাজার ৬১৬ কোটি টাকার একটি প্রকল্প নিয়েছে। সেটি বাস্তবায়ন করছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন বিগ্রেড। এই প্রকল্পের আওতায় খালগুলোর মুখে জলকপাট ও প্রতিরোধ দেয়াল নির্মাণের কাজ চলছে। এ জন্য খালের ভেতরের বিভিন্ন অংশে অস্থায়ীভাবে বাঁধ দেওয়া হয়েছে।
মেয়রের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র আবদুস সবুর, মো. গিয়াস উদ্দিন ও আফরোজা কালাম, প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মের হক, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাসসহ বিভাগীয় প্রধানেরা।
নতুন গাড়ি কেনা প্রসঙ্গে মেয়র বলেন, গাড়ি কিনতে তিনি রাজি ছিলেন না। কিন্তু এই গাড়ি নিয়ে চারবার পথে আটকে গেছেন। দরপত্র দেওয়া হলেও এখনো গাড়ি কেনার অনুমতি দেননি তিনি। রাজনীতি করে এই পদে এসেছেন। তাই ট্যাক্সি নিয়েও আসতে পারবেন।
সিটি করপোরেশনের বিভিন্ন অনিয়ম প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, সিটি করপোরেশনের অতীতের অনিয়ম তদন্তে কমিটি গঠন করেছেন। কমিটি প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেবে। তবে কেউ কেউ তথ্য-উপাত্তবিহীন ও ভিত্তিহীন বিভিন্ন অপপ্রচার করছে বলে অভিযোগ করেন মেয়র।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দায়িত্ব পালনে প্রথম ১০০ দিনের কাজের অগ্রগতি উপস্থাপন করেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। নগরের উন্নয়নে কী কী করেছেন ও করবেন, তারও একটা চিত্র তুলে ধরেন তিনি।
চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সঙ্গে সমন্বয় করে কাজ করছেন বলে জানান মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। খাল ও বড় নালা-নর্দমাগুলো সিডিএর আওতায় থাকার কারণে সিটি করপোরেশন এখন ছোট নালাগুলো থেকে মাটি উত্তোলনের কাজ শুরু করতে যাচ্ছে বলে জানান মেয়র। ভবিষ্যতে সিটি করপোরেশনের রাজস্ব বৃদ্ধি এবং উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন মেয়র।
সংবাদ সম্মেলনে মেয়র দাবি করেন, প্রথম ১০০ দিনে পরিচ্ছন্নতা কার্যক্রমে ৯০ শতাংশ সফলতা আসে। তবে নাগরিক অসচেতনতার কারণে যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) জলাবদ্ধতা নিরসন প্রকল্পে বিভিন্ন খালের ভেতর বাঁধ দেওয়ায় মশার উৎপাত বেড়েছে। আর মশা মারার ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন আছে। প্রয়োজনীয় সরঞ্জামও নেই। ফলে মশকনিধনে শতভাগ সাফল্য আসেনি। তবে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
দায়িত্ব নেওয়ার পর থেকে নগরের রাস্তাঘাটের সব খানা-খন্দক ভরাট ও মেরামত করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান মেয়র। তাঁর দাবি, সার্বিক বিবেচনায় সড়ক সংস্কারকাজের সিংহভাগ অগ্রগতি হয়েছে।