বাঁধ নির্মাণ করছে এলাকাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা সদরসহ স্থানীয় রামদয়াল বাজার এবং বিস্তীর্ণ এলাকা মেঘনার ভাঙন থেকে রক্ষা করার জন্য এলাকাবাসী স্থানীয় উদ্যোগে বাঁধ নির্মাণ করছে। রামদয়াল শতদল সাংস্কৃতিক সংঘ ওই বাঁধ নির্মাণকাজ সমন্বয় করছে। নির্মাণ প্রকল্প বাস্তবায়নের জন্য গতকাল শনিবার সকালে শতদল সংঘ চত্বরে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। বাঁধ নির্মাণ প্রকল্পের যুগ্ম আহ্বায়ক আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রামগতি-কমলনগরের দায়িত্বপ্রাপ্ত মহিলা সাংসদ ফরিদুন্নাহার। বিশেষ অতিথি ছিলেন নাসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আ স ম হাসান আল আমিন, শতদল সাংস্কৃতিক সংঘের উপদেষ্টা মো. নাজিম উদ্দিন, বাঁধ নির্মাণ প্রকল্পের আহ্বায়ক আবদুল ওয়ারেছ, যুগ্ম আহ্বায়ক সাইদুল বারী মির্জা ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী।মতবিনিময় অনুষ্ঠানে বাঁধ নির্মাণ প্রকল্পের বিস্তারিত বিবরণ দেন প্রকল্পের অর্থ উপকমিটির সদস্য মো. আবদুল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শতদল সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক মো. ফরহাদ উদ্দিন। বাঁধ নির্মাণ প্রকল্পের বিস্তারিত বিবরণ দিতে গিয়ে মো. আবদুল্লাহ বলেন, এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের আর্থিক সহযোগিতায় ভাঙনকবলিত এলাকায় জিও ব্যাগ ফেলে পৃথক ছয়টি বাঁধ নির্মাণেরকাজ হাতে নেওয়া হয়েছে। প্রকল্প ব্যয় ধরা হয়েছে দুই কোটি আট লাখ টাকা। ইতিমধ্যে ৩০ লাখ টাকা এবং ১০ হাজার জিও ব্যাগ সংগ্রহ করা হয়েছে। ২৪ নভেম্বর বাঁধ নির্মাণকাজের উদ্বোধন করা হবে।রামগতি উপজেলার ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান, উপজেলা পরিষদ কার্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং উপজেলা সদর আলেকজান্ডার বাজার, রামগতির হাট, বিবির হাট ও রামদয়াল বাজারসহ উপজেলার চারটি ইউনিয়ন মেঘনা নদীর ভাঙনের মুখে পড়েছে।