পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেছেন, সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে কোনো অনিয়ম হয়ে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকার হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে এবার সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছে। আর ১৫ দিন সময় পাওয়া গেলে কৃষকেরা নির্বিঘ্নে তাঁদের ফসল গোলায় তুলতে পারবেন।গতকাল শুক্রবার মন্ত্রী সুনামগঞ্জের হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন। স্থানীয় লোকজন এ সময় বাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সমন্বয়হীনতা ও গাফিলতির জন্য মন্ত্রীর কাছে ক্ষোভ প্রকাশ করেন। পানিসম্পদমন্ত্রী দুপুরে সুনামগঞ্জে এসে সদর উপজেলার দেখার হাওর, বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরের ফসলরক্ষা বাঁধ পরিদর্শন করেন। এরপর বিকেলে তিনি দোয়ারাবাজার উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সুরমা নদী খননের জন্য এক মাস আগে আনা ড্রেজার নদীতে ফেলে রাখায় তীব্র ক্ষোভ প্রকাশ করে লোকজন। সভায় বাঁধ নির্মাণে সমন্বয়হীনতা ও গাফিলতির জন্য পাউবোর কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়। মতবিনিময় সভায় ছাতক-দোয়ারাবাজার আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. ফয়জুর রহমান, পুলিশ সুপার মো. গোলাম কিবরিয়া, সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী শৈলেন চন্দ্র পাল, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কংকন চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন। মন্ত্রী আজ শনিবার তাহিরপুর উপজেলার শনির হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করবেন বলে জানা গেছে।