
ভারী বৃষ্টি আর উজানের ঢলে বাঁধ ভেঙে ভেঙে গত কয়েক দিনে দেশের উত্তর-পূর্বাঞ্চলের শত শত হাওরের বোরো ধানসহ ফসলি জমি তলিয়ে গেছে। ফসলডুবির প্রতিবাদে এবং হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে গতকাল শুক্রবার সুনামগঞ্জ, সিলেট ও নেত্রকোনায় মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ হয়েছে।
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার লালপুর এলাকায় গতকাল বিকেলে ‘অসহায় কৃষক সমাজের’ ব্যানারে সমাবেশ হয়। আতাউর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন খেতমজুর সমিতির কেন্দ্রীয় নেতা অর্ণব সরকার, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, আইনজীবী রুহুল তুহিন, কৃষকনেতা অজিত লাল রায়, সুনামগঞ্জ হাওর উন্নয়ন সংস্থার সভাপতি সালেহীন চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, সুনামগঞ্জে হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ নির্ধারিত সময়ে না হওয়ায় এবং ব্যাপক অনিয়ম-দুর্নীতির কারণে বাঁধ ভেঙে জেলার ৯০ শতাংশ বোরো ধান তলিয়ে গেছে। জেলার লাখ লাখ ফসলহারা কৃষক এখন দিশেহারা। ফসলহারা কৃষকদের বাঁচাতে সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণা করতে হবে। একই সঙ্গে আগামী এক বছর সুনামগঞ্জে খোলাবাজারে চাল বিক্রি, ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ভিজিডি ও ভিজিএফ কার্ড বিতরণ করাসহ তাঁদের সব কৃষিঋণ মওকুফ করতে হবে।
বিশ্বম্ভরপুর উপজেলায় বেলা তিনটায় ক্ষতিগ্রস্ত সব কৃষক পরিবারে রেশন কার্ড দেওয়ার দাবিতে মানববন্ধন করে স্থানীয় সংগঠন হাওর বাঁচাও কৃষক বাঁচাও আন্দোলন। সংগঠনের সভাপতি মহিবুর রহমান, সাধারণ সম্পাদক হাসান বশির প্রমুখ বক্তব্য দেন। এর আগে বৃহস্পতিবার রাতে পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে সংগঠনের পক্ষ থেকে আগামী বৃহস্পতিবার বেলা ১১টায় পৌর শহরের আলফাত স্কয়ারে কৃষক-জনতার সমাবেশ শেষে পাউবো কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দেওয়া হয়।
সুনামগঞ্জে শতাধিক হাওরের ২ লাখ ৭৬ হাজার ৪৫৪ একর জমির বোরো ধান তলিয়ে গেছে। জেলা কৃষি অফিস জানিয়েছে, ক্ষতির পরিমাণ আরও বাড়বে। কৃষকদের অভিযোগ, বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়া এবং কাজে অনিয়মের কারণেই এই অসময়ে ফসলহানি ঘটেছে।
ধরমপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজারে গতকাল বিকেল তিনটায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। কৃষক সংগ্রাম সমিতি ধরমপাশা উপজেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে। মিছিল শেষে বাদশাগঞ্জ বাজারের ত্রিমুখী মোড়ে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন কৃষক সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক খায়রুল বশর ঠাকুর খান। সংগঠনটির পক্ষ থেকে আগামী মঙ্গলবার উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেওয়া হয়।
সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে সিলেটে বসবাসরত ওই অঞ্চলের বাসিন্দারা। গতকাল বিকেল ৪টায় সিলেট নগরের মদিনা মার্কেট এলাকায় ‘হাওরবাসী’ ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এতে কয়েক শ শিক্ষার্থী ও পেশাজীবী মানুষ অংশ নেন। কর্মসূচিতে হাওরবাসীর পক্ষে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে সাত দফা দাবি উত্থাপন করা হয়। বক্তারা বলেন, পাউবোর কর্মকর্তাদের দুর্নীতির কারণে সুনামগঞ্জের হাওরাঞ্চলে বাঁধ নির্মাণে চরম অনিয়ম হয়েছে। এ কারণে পাহাড়ি ঢলে দ্রুততম সময়ের মধ্যে একের পর এক বাঁধ ভেঙে হাওরের বোরো ফসল তলিয়ে যাচ্ছে।
নেত্রকোনায় শহরের মোক্তারপাড়া এলাকায় পৌরসভার সামনের সড়কে বেলা ১১টার দিকে ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে মানববন্ধন হয়। ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দেবশঙ্কর রায়। সাধারণ সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা প্রেসক্লাবের সহসভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জেলা সুজনের সভাপতি শ্যামলেন্দু পাল, স্বেচ্ছাসেবী সংগঠন জন-উদ্যোগের আহ্বায়ক কামরুজ্জামান চৌধুরী, সংস্কৃতিকর্মী তানভীর জাহান চৌধুরী প্রমুখ।
(প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন সুনামগঞ্জ অফিস, ধরমপাশা, সিলেট ও নেত্রকোনা প্রতিনিধি)