বাঁধ নির্মাণে লুটপাটের কারণেই ফসলডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অকালবন্যায় ফসলডুবির ঘটনায় হাওরাঞ্চলকে ‘দুর্গত এলাকা’ ঘোষণার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করেছে বিএনপি। গতকাল বুধবার বেলা ১১টার দিকে ঘণ্টাব্যাপী জেলা জজ আদালতের সামনের সড়কে মানববন্ধনে বিএনপির নেতা-কর্মীরা ছাড়াও হাওর এলাকার ক্ষতিগ্রস্ত শত শত কৃষক অংশ নেন।
মানববন্ধনে জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম বলেন, অপরিকল্পিত উন্নয়ন, ফসল রক্ষা বাঁধ নির্মাণের নামে লুটপাট, পানি উন্নয়ন বোর্ডের সীমাহীন অনিয়ম-দুর্নীতির কারণেই হাওরে ফসলডুবির ঘটনা ঘটেছে। এটা শুধুই প্রাকৃতিক দুর্যোগ নয়, সরকারের সৃষ্ট দুর্যোগও। সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি বলেই মানুষকে নিয়ে মশকরা করে।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি মো. আমীরুজ্জামান, সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরীফুল ইসলাম, সহসভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি জালাল মোহাম্মদ গাউস, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ, জেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক ও করিমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।
পরে বিএনপির পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে হাওরের মানুষকে রক্ষায় প্রধানমন্ত্রী বরাবর ১৩ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি দেওয়া হয়।
এদিকে খালিয়াজুরি উপজেলাকে দুর্গত এলাকা ঘোষণাসহ ক্ষতিগ্রস্ত কৃষক ও মৎস্যজীবীদের পুনর্বাসনের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে শহরের কুড়পাড় এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা শহরে বসবাসরত খালিয়াজুরি উপজেলাবাসী ‘হাওর বাঁচাও, খালিয়াজুরি বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে এ মানববন্ধনের আয়োজন করেন।
এতে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের জেলা কমিটির সভাপতি ব্রজগোপাল সরকার, সংস্কৃতিকর্মী মতিয়র রহমান, আইনজীবী মইনুল হক, মাসুদ রানা চৌধুরী, কৃষক অজিত বরণ সরকার, জাহাঙ্গীর আলম, দেওয়ান রহমত আলী, প্রেমানন্দ সরকার, সাংবাদিক সঞ্জয় সরকার, কলেজছাত্র স্বাগত সরকার প্রমুখ।