বাঁধ নির্মাণের দাবিতে পটুয়াখালীতে পাউবোর কার্যালয় ঘেরাও
পটুয়াখালীর সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের শৌলা খালে বাঁধ নির্মাণের দাবি জানানো হয়েছে। এই দাবিতে গতকাল রোববার ওই এলাকার কয়েক হাজার নারী-পুরুষ জেলা শহরে এসে বিক্ষোভ মিছিল এবং পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয় ঘেরাও করে।জানা গেছে, শৌলা খালে বাঁধ না থাকায় প্রতিবছর জোয়ারের পানি একটু বাড়লেই লোহালিয়া ও কমলাপুর ইউনিয়নের অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়। এ অবস্থায় পাউবো চলতি বছরে ওই খালে বাঁধ নির্মাণ শুরু করে। কিন্তু গত ২৪ ফেব্রুয়ারি ওই বাঁধ ছুটে যায়। এতে আবারও ১০টি গ্রাম প্লাবিত হয়।এ অবস্থায় গতকাল দুপুরে ক্ষতিগ্রস্ত লোহালিয়া ও কমলাপুর এই দুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ এলাকার কয়েক হাজার মানুষ শৌলা খালে বাঁধের দাবিতে পটুয়াখালী জেলা শহরে এসে বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা বাঁধ নির্মাণে ঠিকাদারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে স্লোগান দেয়।পাউবো পটুয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘শৌলা খালে নতুন করে বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী শুকনো মৌসুমের আগেই বাঁধের নির্মাণকাজ শেষ হবে বলে আমরা আশাবাদী।’