বাঁধ নির্মাণের দাবিতে বই-খাতাসহ সড়কে তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কের ওপর বসে আছে শতাধিক শিশু-কিশোর। তাদের হাতে বই ও খাতা। ঘূর্ণিঝড় আইলায় তাদের বসতঘর ভেসে গেছে। ঘরে পানি থাকায় দুই বছর ধরে তারা বাড়ি যেতে পারে না। তাই তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ডিসেম্বরের মধ্যে বাঁধ নির্মাণ করে তাদের বাড়ি ফেরার ব্যবস্থা করার জোর দাবি জানিয়েছে। গত শনিবার খুলনার পিকচার প্যালেস মোড়ে সড়কে অবস্থান নিয়ে শিশু-কিশোরেরা এভাবে বাঁধ নির্মাণের দাবি জানায়। আইলা-দুর্গত সংহতি মঞ্চ ও বেসরকারি সংস্থা সিএসআরএল যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন আইলা-দুর্গত মঞ্চের আহ্বায়ক ফিরোজ আহমেদ। কর্মসূচিতে বক্তারা পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যেকোনো উপায়ে এই ডিসেম্বরের মধ্যে বাঁধ নির্মাণের উদ্যোগ নিন। এক বছর ধরে সময় বাড়াতে বাড়াতে এখন দুই বছর ধরে আইলা-দুর্গতরা লোনাপানিতে ডুবে আছে। তাঁরা দুর্গতদের শীতবস্ত্র প্রদান, দুর্গত এলাকার ছাত্রছাত্রীদের বিশেষ সহায়তা, গত বছর বাঁধ নির্মাণের ব্যর্থতার জন্য ঠিকাদারদের শাস্তি এবং অবিলম্বে গৃহনির্মাণ সহায়তার টাকা বিতরণেরও দাবি জানান।