বাঁধ নির্মাণের দাবিতে ভোলায় মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার সদর উপজেলার মেঘনার তীরে বাঁধ নির্মাণের দাবিতে উপজেলার ধনিয়া ইউনিয়নের ভাঙনের মুখে পড়া ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষকসহ ইউনিয়নবাসী মানববন্ধন করেছেন।প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায়, ওই ইউনিয়নের তুলাতুলি লঞ্চঘাট থেকে কাচিয়া ইউনিয়নের কাঠির মাথা পর্যন্ত প্রায় দুই কিলোমিটারব্যাপী এ মানববন্ধন হয়। গতকাল বুধবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এ মানববন্ধন চলে। মানববন্ধন শেষে সভায় বক্তব্য দেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, ধনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমদাদ হোসেন, টগবী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ নেওয়াজ, পশ্চিম ধনিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক সামসুল আলম প্রমুখ। সভায় বক্তারা বলেন, গত পাঁচ বছরে মেঘনার ভাঙনে সদর উপজেলার ধনিয়া, কাচিয়া ও পূর্ব ইলিশা ইউনিয়নের ২৫ হাজার পরিবার ঘর ও জমিহারা হয়েছে। শুষ্ক মৌসুমে মেঘনার ভাঙন অব্যাহত থাকলেও ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কোনো পদক্ষেপ নিচ্ছে না। বর্তমান সরকার ‘ভাঙন নিয়ন্ত্রণ ব্লকবাঁধ’ করার জন্য ১০৩ কোটি টাকা বরাদ্দ করে দরপত্র আহ্বান করলেও কাজ শুরু হচ্ছে না। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল কাদের মোল্লা জানান, বর্তমানে বন্যানিয়ন্ত্রণের জন্য মেঘনা নদীর পাড়ে কোনো বন্যানিয়ন্ত্রণ বাঁধ নেই। বর্ষার আগে ব্লক ও বাঁধের কাজ শুরু না হলে ১৫ হাজার পরিবার ঘরবাড়ি হারানোসহ জেলা শহর পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।ভোলা পাউবোর সহকারী প্রকৌশলী ফজলে এলাহী জানান, শিগগিরই ব্লকবাঁধ নির্মাণের কাজ শুরু হবে।