বাঁধ নির্মাণের দাবিতে সর্বদলীয় আন্দোলন
ভোলা শহরসহ তিন ইউনিয়ন রক্ষায় মেঘনার পাড়ে ব্লক ফেলে বাঁধ নির্মাণের দাবিতে সর্বদলীয় আন্দোলন শুরু হয়েছে। আজ মঙ্গলবারের মিছিল কর্মসূচি বাস্তবায়নের জন্য গতকাল সোমবার দিনব্যাপী লিফলেট বিতরণ, জনমত গঠন ও মিছিল করা হয়েছে।পরের কর্মসূচিতে মানববন্ধন, হরতাল ও অবস্থান ধর্মঘটের কর্মসূচি রয়েছে। ১৪ ফেব্রুয়ারি গণবিক্ষোভ ও ১৫ ফেব্রুয়ারি হরতাল পালন হবে। রোববার রাতে জেলা রেড ক্রিসেন্ট মিলনায়তনে জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।ওই বৈঠকে বক্তারা বলেন, ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের পুরোনো লঞ্চঘাট এলাকা থেকে উত্তরে কাচিয়া ইউনিয়ন হয়ে পূর্ব ইলিশা ইউনিয়নে ভাঙন দেখা দিয়েছে। কয়েক বছর ধরে ইউনিয়ন তিনটি ভেঙে ভোলা শহর হুমকির মুখে পড়েছে। কাচিয়া ইউনিয়নের ২২টি গ্রামের মধ্যে এখন মাত্র তিনটি গ্রাম আছে।তাঁরা অভিযোগ করেন, পানি উন্নয়ন বোর্ড প্রতিবছর বর্ষা এলে জরুরি ভিত্তিতে সরু বাঁধ দিয়ে পানি ঠেকানোর চেষ্টা করে লাখ লাখ টাকার ক্ষতি করছে। এতে জনগণের কোনো উপকার হচ্ছে না। এভাবে মাটি আর বালির বস্তা ফেলে নদীভাঙন প্রতিরোধ করা যাবে না। আমরা চাই মেঘনার পাড়ে ‘পাকা ব্লক’ ফেলে বাঁধ।সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আবদুল মমিন, বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কমিউনিস্ট পার্টির সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী, সাংবাদিক এম হাবিবুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুস, ধনিয়া ইউনিয়নের চেয়ারম্যান এমদাদুল ইসলাম, কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম, ভোলা থিয়েটারের সভাপতি নাসির লিটন, নাগরিক কমিটির সদস্য সচিব এস এম বাহাউদ্দিন প্রমুখ।