বাঁধ বিলীন হওয়ার আতঙ্কে ১০ গ্রামের মানুষ
বরগুনা সদর উপজেলার গোলবুনিয়া এলাকায় পায়রা নদীর তীরের আধা কিলোমিটার বন্যানিয়ন্ত্রণ বাঁধ যেকোনো সময় নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। বাঁধ বিলীন হওয়ার আতঙ্কে আছেন উপজেলার বুড়িরচর ইউনিয়নের ১০ গ্রামের কয়েক হাজার মানুষ।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, পায়রা নদীর তীরের গোলবুনিয়া এলাকার বাঁধটি ২০১৫ সালের অক্টোবর মাসে ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। পরে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বাঁধের ভাঙা অংশ জরুরি ভিত্তিতে মেরামত করে। কিন্তু গত বছরের মে মাসে ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে বাঁধটি আবার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এতে বাঁধটি ভাঙতে ভাঙতে প্রায় আধা কিলোমিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
বাঁধের অভ্যন্তরের মাইঠা, বড় লবণগোলা, ছোট লবণগোলা, আমড়াঝুড়ি, মানিকখালী, হাজারবিঘা, চরকগাছিয়াসহ অন্তত ১০ গ্রামের কয়েক হাজার লোক আতঙ্কে আছে। বর্ষা মৌসুমের আগে বাঁধের ওই ভাঙা অংশ মেরামতের দাবি জানান এলাকার আতঙ্কিত লোকজন।
সরেজমিনে দেখা যায়, গোলবুনিয়া বাজার থেকে উত্তর দিকে প্রায় আধা কিলোমিটার বাঁধ নদীগর্ভে বিলীন হওয়ার পথে। তীব্র ভাঙনে বাঁধের দুই-তৃতীয়াংশ নদীতে বিলীন হয়ে গেছে।
এলাকাবাসী সূত্র জানায়, যেভাবে ভাঙছে তাতে পুরো বাঁধটি বিলীন হতে সময় লাগবে না। আগামী বর্ষা মৌসুমের আগে এটি বিলীন হয়ে যেতে পারে। গোলবুনিয়া এলাকার বাসিন্দা জুয়েল বলেন, এখনই মেরামতের উদ্যোগ না নিলে পুরো বাঁধটি নদীগর্ভে বিলীন হয়ে যাবে। আতঙ্কে এলাকার মানুষ রাতে ঘুমাতে পারে না।
বড় লবণগোলা গ্রামের সবজিচাষি সোহেল রানা বলেন, ‘আমাদের এই ইউনিয়ন থেকে সবচেয়ে বেশি সবজির জোগান দেওয়া হয়। বাঁধটি বিলীন হলে সবজিখেতের ব্যাপক ক্ষতি হবে। এতে আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না।’