বাঁধ ভাঙছে, বিলীন হচ্ছে সড়ক

অস্বাভাবিক জোয়ারে পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়নের দুইটি স্থানে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে ইউনিয়নের স্লুইস বাজার এলাকার বেড়িবাঁধটি ভেঙে বিলীন হয়ে যাচ্ছে। বাঁধ ভেঙে যাওয়ায় ভেসে যাচ্ছে বাঁধের ওপর নির্মিত ইউনিয়নের পাকা সংযোগ সড়কটি। এখন বাঁধের ভেঙে যাওয়া অংশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
এদিকে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খলিসাখালী গ্রামসংলগ্ন বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। যেকোনো সময় বাঁধ ভেঙে যাবে, বাঁধের ওপর পাকা সড়কটিও ভেসে যাবে। ঝুঁকিপূর্ণ বাঁধ নিয়ে এলাকার মানুষ এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।
গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, বাঁধ ভেঙে যাওয়ায় পাকা সড়কটি চাঁদপুরা নদীতে ভেসে যাচ্ছে। এই ক্ষতিগ্রস্ত সড়কের উত্তর দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড। বাঁধটি সম্পূর্ণ বিধ্বস্ত হলে ৪ নম্বর ওয়ার্ডের মানুষ দক্ষিণের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। তাই এলাকার লোকজন খুব সাবধানতার সঙ্গে বাঁধের ওপর দিয়ে চলাচল করছে। ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। পানির প্রবল চাপে ক্ষতিগ্রস্ত বাঁধটি ভেঙে যাচ্ছে। ভেসে যাচ্ছে বাঁধের ওপর নির্মাণ করা বিটুমিন কার্পেটিং করা পাকা সড়কও।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, কয়েক বছর ধরে জোয়ার ও জলোচ্ছ্বাসে ইউনিয়নের স্লুইস বাজার এলাকার বাঁধ ভাঙছে। ভরা বর্ষায় অমাবস্যা-পূর্ণিমার প্রভাবে জোয়ার ও জলোচ্ছ্বাসে বাঁধটি ভেঙে বিলীন হয়ে যাবে।
চাঁদপুরা গ্রামের হাসেম আকন জানান, এখন তাঁদের বীজতলা হয়ে গেছে। কয়েক দিনের মধ্যে আবাদ শুরু করবেন। বাঁধ ভেঙে পানিতে
প্লাবিত হলে বীজতলাসহ রোপণ করা চারা সম্পূর্ণ ভেসে যাবে। তাই বাঁধ নিয়ে তাঁরা আতঙ্কে রয়েছেন।
এলাকার ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আফজাল হোসেন বলেন, চাষাবাদে ক্ষতি তো আছেই, এর সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে ইউপি কার্যালয়ের সঙ্গে যোগাযোগ থাকবে না এই ৪ নম্বর ওয়ার্ডের চাঁদপুরা গ্রামের মানুষের।
আলীপুর ইউপির চেয়ারম্যান বাদশা ফয়সাল বলেন, বাঁধ সম্পূর্ণ ভেঙে গেলে ইউনিয়নের পশ্চিম আলীপুরা, চাঁদপুরা, মধুপুরা, মৌবাড়িয়া, রুহিতপুরীয়া পাঁচটি গ্রামসহ পার্শ্ববর্তী গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ও কল্যাণকলস ইউনিয়নের বেশ কিছু এলাকা প্লাবিত হবে। দ্রুত বাঁধ মেরামত করা না হলে ইউনিয়নের মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। এলাকার মানুষের দুর্ভোগসহ কৃষিতে এর প্রভাব পড়বে।
বাদশা ফয়সাল আরও বলেন, এক সপ্তাহ ধরে জোয়ারের জলোচ্ছ্বাসে বাঁধের নতুন নতুন অংশে ভাঙন দেখা দিয়েছে। এসব অংশের ব্লক ফেলা হলে ভাঙনের হাত থেকে বাঁধটি রক্ষা করা সম্ভব হবে। পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) বিষয়টি অবহিত করা হয়েছে।
দশমিনা উপজেলা কৃষি কর্মকর্তা বনি আমিন খান প্রথম আলোকে বলেন, সামনে আমন রোপণ শুরু হবে। কিন্তু বাঁধ ভেঙে গেলে পানিতে বীজতলা ক্ষতিগ্রস্ত হবে, আবার রোপণ করা চারা নষ্ট হবে। নতুন করে চারা রোপণ করতে পানি সরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফলে চাষাবাদ পিছিয়ে যাবে। বাঁধ ভেঙে গেলে কমপক্ষে ৩০০ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হবে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফসলি খেত।
পাউবো পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করেছেন তাঁরা। ভেঙে যাওয়া বাঁধের পাশ দিয়ে বিকল্প বাঁধ নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। শুকনো মৌসুমে বিকল্প বাঁধ নির্মাণ প্রকল্প নেওয়া হবে বলে জানান তিনি।
এদিকে বাঁধের ওপর নির্মিত পাকা সড়ক ভেসে যাওয়া প্রসঙ্গে এলজিইডি পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী আবু সালেহ্ মো. হানিফ বলেন, বাঁধটি পাউবোর। বাঁধ নির্মাণ হলে ইউনিয়নের সংযোগ সড়কটি আবার নতুন করে নির্মাণ করার উদ্যোগ নেওয়া হবে।