বাঁধ ভাঙায় দায় অস্বীকার ঠিকাদারদের
সুনামগঞ্জের হাওরের বাঁধ ভেঙে ফসলহানির জন্য জলবায়ু পরিবর্তন, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলকে দায়ী করেছেন ১৭ ঠিকাদার। তাঁরা বলছেন, বাঁধ ভাঙার পেছনে পানি উন্নয়ন বোর্ড (পাউবো), ঠিকাদার ও প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) কোনো দায় নেই।
আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে এই দাবি জানান ঠিকাদারেরা। তাই তাঁরা বাঁধের যেটুকু কাজ করছেন, সেই বিল না দেওয়া কতটা যৌক্তিক—এই প্রশ্নও তুলেছেন।
সুনামগঞ্জ পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা পাঠাগার হলে দুপুর ১২টার দিকে এই সংবাদ সম্মেলন হয়। এতে লিখিত বক্তব্য দেন মেসার্স মালতী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বিপ্রেশ রায়।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, বিগত কয়েক দশকে চৈত্র মাসে সুনামগঞ্জে এত বৃষ্টি হয়নি। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জসহ হাওরাঞ্চলের জেলাগুলোতে বিপর্যয় নেমে আসে। জলবায়ু পরিবর্তনের কারণেই এই বিপর্যয়। একমাত্র বোরো ধান তলিয়ে যাওয়ায় কৃষকেরা দিশেহারা।
ঠিকাদরেরা বলেন, তাঁরাও কৃষক পরিবারের সন্তান। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাঁরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন।
সংবাদ সম্মেলনে সুনামগঞ্জের বাইরের কোনো ঠিকাদার উপস্থিত ছিলেন না। লিখিত বক্তব্যে স্বাক্ষরকারীর বেশির ভাগই ছিলেন বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি। তাঁরা দাবি করেন, হাওরের বাঁধের ভাঙা অংশ সংস্কার করেন পিআইসির লোকজন। এ বছর বেশির ভাগ ফসলহানি পিআইসির বাঁধ ভেঙে ঘটেছে। সেই সঙ্গে ঠিকাদারেরও দু-একটি বাঁধ ভেঙেছে। পাশাপাশি হাওরে জলাবদ্ধতার কারণেও ফসলের ক্ষতি হয়েছে। ফসলহানির জন্য পাউবো, ঠিকাদার ও পিআইসি দায়ী নয়।
ঠিকাদারেরা বলেন, এবার হাওরে ঠিকাদারদের প্রায় ৪৮ কোটি টাকার কাজ ছিল। এখন পর্যন্ত নয় কোটির মতো বিল দেওয়া হয়েছে। তাই কাজ না করেই ঠিকাদারেরা বিল নিয়ে গেছেন, এটা সত্য নয়। সংবাদ সম্মেলনে থাকা ঠিকাদারেরা স্বীকার করেন, কিছু হাওরে ঠিকাদারেরা কাজ করেননি। কিন্তু তাঁরা যে কাজ করেছেন, সেটুকুর বিল যেন দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ঠিকাদার কাজী নাসিম উদ্দিন, আবুল মনসুর শওকত, মফিজুর রহমান, এ কে এম মহিম প্রমুখ।
সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষায় এবার পাউবো ৬৮ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে বাঁধ নির্মাণের কাজ করেছে। এর মধ্যে ৪৮ কোটি টাকার ৭৬টি বাঁধের কাজ ছিল ঠিকাদারের। বাকি কাজ করেছে পিআইসি।
সুনামগঞ্জে এবার ২ লাখ ২৩ হাজার ৮২ হেক্টর জমিতে বোরো ধানে আবাদ হয়েছিল। জেলা প্রশাসনের সর্বশেষ হিসাব অনুযায়ী, ১ লাখ ৬৬ হাজার ৬১২ হেক্টর জমির ধান তলিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ২ লাখ ৭৭ হাজার ১৮৮ কৃষক পরিবার। তবে স্থানীয় কৃষক-জনপ্রতিনিধিরা বলছেন, হাওরের ৯০ শতাংশ ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কৃষকেরা হাওরের ফসল হারিয়ে এখন নিঃস্ব, দিশেহারা।
প্রধানমন্ত্রী গত ৩০ এপ্রিল সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন। এ সময় তিনি বলেছেন, বাঁধের কাজে গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত ১৭ এপ্রিল সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শনে আসেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি সুনামগঞ্জে এক দিন অবস্থান করে ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শন এবং জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন।