বাঁধ ভেঙে চার গ্রাম প্লাবিত, ভেসে গেছে শতাধিক ঘের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় গত বৃহস্পতিবার রাতে বাঁধ ভেঙে চারটি গ্রাম প্লাবিত হয়েছে। ভেসে গেছে শতাধিক চিংড়িঘের। সুশীলগাতি গ্রামের অর্ধশতাধিক বাড়িতে পানি ওঠায় এসব বাড়ির লোকজন বাঁধে আশ্রয় নিয়েছে।এদিকে, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক ভাঙনকবলিত এলাকা বৃহস্পতিবার রাতে পরিদর্শন করে পাউবো কর্তৃপক্ষকে দ্রুত বাঁধ মেরামতের নির্দেশ দিয়েছেন।এলাকাবাসী জানান, মধুমতী নদীতীরের সুশীলগাতি এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ২০০ মিটার বাঁধ বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে জোয়ারের সময় হঠাৎ ভেঙে যায়। এতে সুশীলগাতি, শিবনগর, শ্রীপুর ও দেবহাটা গ্রাম কম-বেশি প্লাবিত হয়। নদীপারের শতাধিক ছোট-বড় চিংড়িঘের ভেসে যায়। রাতেই গ্রামবাসী পাউবোর সহযোগিতায় লোকালয়ে পানি ঢোকা বন্ধে রিং বাঁধ দেয়। কিন্তু রাত ১২টার দিকে ওই বাঁধ ভেঙে সুশীলগাতি গ্রামের অর্ধশতাধিক বাড়িতে পানি ঢুকে পড়ে। এসব বাড়ির লোকজন পাউবোর বাঁধের ওপর আশ্রয় নেয়।ভাটার সময় পানি নেমে গেলে গতকাল শুক্রবার এলাকার কয়েক শ লোক ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল ১০টা পর্যন্ত কাজ করে রিং বাঁধ নির্মাণ করে। কিন্তু দুপুর ১২টার দিকে জোয়ারে ফের রিং বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢোকা শুরু হয়।এলাকাবাসী বলেন, যেভাবে পানি ঢুকছে এবং ভাঙনকবলিত এলাকা বাড়ছে, তাতে মাত্র ২০০ গজের মধ্যে অবস্থিত দেবহাটা থানা ভবন ও উপজেলা এলাকা হুমকির মুখে পড়েছে। আর টাউনশ্রীপুর, আজিজপুর, দাতপুর, গোপাখালী, খোলখেসিয়া, রহিমপুর, চর দেবহাটাসহ ১০-১২টি গ্রাম প্লাবিত এবং কয়েক হাজার চিংড়িঘের ভেসে যেতে পারে।গতকাল সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ওই এলাকায় ইছামতী নদীতীরের প্রায় তিন কিলোমিটার বাঁধ ঝুঁকিপূর্ণ। এমনকি নদীভাঙনে অনেক স্থানে বাঁধের ব্লক সরে গেছে। ভাঙনকবলিত বাঁধ রক্ষার জন্য ইতিপূর্বে ফেলা ইটের টুকরা ও বালুর বস্তাগুলোও সরে গেছে। বাড়িতে পানি ঢোকায় সুশীলগাতি গ্রামের সখিনা খাতুন, ইসমাইল সরদার, ইয়াসিন সরদার, শাহিন গাজী, শাহনাজ গাজীরসহ অর্ধশতাধিক পরিবার পাউবোর বাঁধে আশ্রয় নিয়েছে।দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, সাত-আট মাস আগে থেকে সুশীলগাতির ওই স্থানে বাঁধ ভাঙা শুরু হয়। পাউবো কর্তৃপক্ষকে বারবার বলার পরও তারা মেরামতের কোনো উদ্যোগ নেয়নি। গ্রামের লোক দিয়ে বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে দুই দফা রিং বাঁধ দিলেও তা জোয়ারের সময় ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।পাউবোর সাতক্ষীরা বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মুজিবর রহমান বলেন, বৃহস্পতিবার ভেঙে যাওয়ার পর তাঁরা এলাকাবাসীকে নিয়ে দুই দফায় বাঁধ মেরামতের চেষ্টা করেছেন। জোয়ারের পর আবার রিং বাঁধ দেওয়ার চেষ্টা করা হবে। ইতিমধ্যে ৮০০ মিটার বাঁধ সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, পাউবোর বাঁধের পাশে চিংড়িঘের করায় ঘোগা (ছিদ্র) হয়ে বাঁধ দ্রুত ভাঙছে। বারবার বলা হলেও চিংড়িচাষিরা নিয়মনীতি না মেনে ঘেরের বাঁধ হিসেবে পাউবোর বাঁধ ব্যবহার করে থাকেন।