বাঁধ ভেঙে জোয়ারের পানিতে প্লাবিত মহেশখালীর ছয় হাজার বাড়ি
কক্সবাজারের মহেশখালী উপজেলার উপকূলীয় দ্বীপ ধলঘাটা ইউনিয়নের ১৯ গ্রামের প্রায় চার হাজার ঘরবাড়ি দুই মাস ধরে জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে। ডুবে আছে আরও কমপক্ষে দুই হাজার বাড়ি।২৫ জুন অমাবস্যার জোয়ার এবং সাগরের উত্তাল ঢেউয়ের প্রভাবে স্থানীয় বেড়িবাঁধের কমপক্ষে ১২ কিলোমিটারের বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে ঝুঁকির মুখে পড়েছে প্রায় ৩০ হাজার মানুষ।কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ১৯৯১ ও ১৯৯৭ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে স্থানীয় ১৭ কিলোমিটার বেড়িবাঁধ লন্ডভন্ড হয়ে যায়। সংস্কারের পর সিডর ও আইলার আঘাতে বাঁধের বিভিন্ন অংশ আবার ভেঙে যায়। এরপর অরক্ষিত বাঁধ আর সংস্কার করা হয়নি। ২৫ জুন অমাবস্যার জোয়ার ও সাগরের উত্তাল ঢেউয়ের তোড়ে বাঁধের প্রায় ১২ কিলোমিটার এলাকার বিভিন্ন স্থান ভেঙে যায়। বিলীন হয়ে যায় সরইতলা এলাকার প্রায় সাড়ে তিন কিলোমিটার বাঁধ। বাঁধের ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে ১৯ গ্রামের চার হাজার ঘরবাড়ি প্লাবিত হচ্ছে। হুমকির মুখে পড়েছে সরইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।সরেজমিনে দেখা যায়, ধলঘাটার পশ্চিমের সরইতলা, ষাইটপাড়া, নতুন ঘোনা, দক্ষিণে ভারত ঘোনা, পণ্ডিত ডেইল, সুতরিয়া, মুহুরিঘোনা ও সাপমারার ডেইল এলাকার ভাঙা বাঁধ দিয়ে লোকালয়ে জোয়ারের পানি ঢুকছে। এতে সরইতলা, ষাইটপাড়া, সুতরিয়া, বেগুনবনিয়া, পণ্ডিতের ডেইল, সাপমারার ডেইল, দক্ষিণ সুতরিয়া, সিকদারপাড়া, পানিরছড়া ও বৃহত্তর মুহুরিঘোনাসহ ১৯টি গ্রাম প্লাবিত হচ্ছে।ধলঘাটার সরইতলার বাসিন্দা মোস্তফা কামাল ও আলমগীর হোসেন বলেন, সাগরের উত্তাল ঢেউয়ে সরইতলার বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে লোকালয়ে জোয়ার-ভাটা চলছে। পানিতে তলিয়ে গেছে কমপক্ষে দুই হাজার ঘরবাড়ি। আর প্রতিদিন জোয়ারের লোনাপানিতে প্লাবিত হচ্ছে আরও প্রায় চার হাজার বাড়ি। তাঁরা অভিযোগ করেন, বাঁধ সংস্কারে কর্তৃপক্ষ এখনো কোনো উদ্যোগ নেয়নি।ধলঘাটার ইউপি সদস্য আতাউল্লাহ বলেন, বাঁধ সংস্কার না করলে এখানে বসবাস করা সম্ভব হবে না। এলাকার মানুষ সরকার থেকে ত্রাণ চায় না, চায় টেকসই বাঁধ।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিশ্বনাথ মজুমদার প্রথম আলোকে বলেন, ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারকে জরুরি ভিত্তিতে পুনর্বাসন করার জন্য বরাদ্দ চেয়ে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কক্সবাজারের উপসহকারী প্রকৌশলী কাজী নজরুল ইসলাম বলেন, বাঁধ সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রায় ৫০ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। কিন্তু বরাদ্দ না আসায় লোকালয়ে জোয়ার-ভাটা ঠেকানো সম্ভব হচ্ছে না।উপসহকারী প্রকৌশলী বলেন, শুধু বাঁধ নির্মাণ করলেই হবে না, বাঁধ রক্ষার জন্য দরকার সিসি ব্লক। সরইতলা এলাকায় প্রায় দুই কিলোমিটার বাঁধে সিসি ব্লক বসানোর জন্য ৩০ কোটি টাকা বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে।