বাঁধ ভেঙে তলিয়ে গেছে ১০৫ একর জমির ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় দুটি ফসল রক্ষা বাঁধ ভেঙে গত রোববার ১০৫ একর জমির পাকা ধান পানিতে ডুবে গেছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও প্রবল বৃষ্টিতে ওই বাঁধ দুটি ভেঙে যায়।
এলাকার কয়েকজন বাসিন্দা ও উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ডুবাইল, ঘুনিয়াকুড়ি ও ছাদরা হাওরে চলতি বছর ৪০০ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়। কিন্তু পাহাড়ি ঢল ও কয়েক দিনের প্রবল বৃষ্টিতে গত রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চন্দ্র সোনার থাল হাওরের ডুবাইল ফারি বাঁধটির একাংশ ভেঙে যায়। এতে ওই তিনটি হাওরের ২০ একর জমির পাকা ধান পানিতে ডুবে যায়। একই দিন সন্ধ্যা সাতটার দিকে চন্দ্র সোনার থাল হাওরের সাতারিয়া-পাথারিয়া ফসল রক্ষা বাঁধটি ভেঙে সাতারিয়া-পাথারিয়া হাওরের ৮৫ একর জমির পাকা ধান পানিতে ডুবে যায়।
উপজেলার জয়শ্রী ইউনিয়নের শান্তিপুর গ্রামের কৃষক তরিকুল ইসলাম বলেন, ‘ইবার সাতারিয়া-পাথারিয়া আওরে ৫৮ কাডা জমিত ধান রোপণ করাইছিলাম। মাত্র ২৮ কাডা জমির ধান কাটাইতাম ফারছি। বাকি বেক জমি পানিত তলঅইয়্যা গ্যাছে।’
ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আরব আলী বলেন, ‘আমি নিজেও কৃষিকাজের সঙ্গে জড়িত। এই হাওরের অর্ধেকেরও বেশি জমির ধান পানিতে তলিয়ে গেছে।’
তবে জয়শ্রী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মহসীন আহমেদ জানান, আকস্মিক ভূমিকম্পের কারণে বাঁধের বাইরের কিছু অংশে ফাটল ধরায় হাওরে পানি ঢুকে পড়েছে। তবে এতে ফসলের তেমন ক্ষতি হয়নি।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব আহমদ বলেন, যে হাওরগুলোতে পানি ঢুকেছে সেখানকার বেশির ভাগ জমির ফসলের পাকা ধান আগেই কাটা শেষ হয়েছে। এর পরও ক্ষতির পরিমাণ সঠিকভাবে নিরূপণের জন্য উপসহকারী কৃষি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।